ছোটপর্দায় ফিরছেন শাশ্বত চট্টোপাধ্যায়
ছোটপর্দাই তাকে পরিচিতি দিয়েছে, করেছে বড় তারকাও। তবে আজকাল শাশ্বত চট্টোপাধ্যায়কে মুম্বাই আর টালিগঞ্জের সিনেমাতেই দেখা যায় বেশি। অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। সেই শাশ্বতই এবার ঘরে ফিরলেন; জি বাংলার নতুন অনুষ্ঠান ‘অপুর সংসার’-এর সঞ্চালনার দায়িত্ব নিয়ে।
২৬ জানুয়ারি থেকে রাত সাড়ে নয়টায় দেখা যাবে এই অনুষ্ঠান। সরাসরি দর্শকদের অংশগ্রহণে স্টেজ কমেডি ঘরানার এই অনুষ্ঠানের মধ্যমণি শাশ্বত।
অনুষ্ঠানে তার চরিত্রটি এক হাড়-কিপ্টে ব্যাঙ্কারের। বিমুদ্রাকরনের বাজারে তার চাকরি গেছে; তার মা অভিনেতা দেব-এর দারুণ ভক্ত। আছে দুই ভাইও। এই কমেডি নন-ফিকশনের প্রতিটি পর্বে উঠে আসবে পরিবারটির একটি করে সমস্যা।
অনুষ্ঠানে শাশ্বতকে সঙ্গ দেবেন সুদীপা মুখোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য্যও। অদূর ভবিষ্যতে এতে যোগ দেবেন টালিগঞ্জের বড় বড় অন্য তারকারাও। এটি পরিচালনা করেছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়।
