২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইন্দো-বাংলা কালচারাল অ্যাওয়ার্ড’ পেলেন শাওন চৌধুরী

বাংলাদেশের কণ্ঠশিল্পী শাওন চৌধুরী কলকাতাভিত্তিক সংগঠন ইন্দো-বাংলা কালচারাল সোসাইটি থেকে সম্প্রতি ‘ইন্দো-বাংলা কালচারাল অ্যাওয়ার্ড’ পেলেন। সোমবার গ্লিটজকে এই সংবাদ জানিয়েছেন শাওন চৌধুরী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 04:28 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

২০১৫ সালের অক্টোবরে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানুর সঙ্গে ‘সুরে সুরে দুই বাংলা’ শিরোনামের দ্বৈত গানের অ্যালবামের জন্য শিল্পী এই সম্মাননা পেয়েছেন। গত ডিসেম্বরের শেষের দিকে এই পুরস্কার হাতে পান বলে জানিয়েছেন শাওন চৌধুরী। এবারের সম্মান প্রদান অনুষ্ঠানে তিনি ছাড়াও  সম্মাননা পেয়েছেন ভারতের কুমার শানু, শুভমিতা, হৈমন্তী শুক্লা প্রমুখ।

রাগা মিউজিক থেকে প্রকাশিত শাওন চৌধুরী এবং কুমার শানুর দ্বৈত অ্যালবাম ‘সুরে সুরে দুই বাংলা’ সারা ভারতে  বেশ ভালো সাড়া জাগায়।

উল্লেখ্য, শাওন চৌধুরীর ৯টি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে,  যার ২টি কলকাতা থেকে প্রকাশিত। তাঁর ‘কাল সারা রাত’ নামে একটি ভিডিও অ্যালবামও রয়েছে।

শাওন চৌধুরী মুলত আধুনিক ও গজল পরিবেশন করেন। রেডিও, টেলিভিশনে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও প্লে-ব্যাক করেন। দ্বৈত পরিবেশনায় তিনি বিশ্বনন্দিত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, হৈমন্তী শুক্লা, কুমার শানু,অনুরাধা পড়োয়াল, কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিক, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন সহ  অনেকের সঙ্গেই গানে কণ্ঠ মিলিয়েছেন তিনি।

তিনি উল্লেখযোগ্য  বেশকিছু দেশি-বিদেশী সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়ার ‘দ্য ওয়ার্ল্ড মাস্টার অ্যাওয়ার্ড, জি টিভি গুণীজন অ্যাওয়ার্ড, নেপালের সাউথ এশিয়ান কালচারাল অ্যাওয়ার্ড, মহাভারতী বাংলাভাষী অ্যাওয়ার্ড(দিল্লী), মান্নাদে স্মৃতি সম্মাননা, বিটিভি আর্টিস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড, বাংলাদেশ কালচারাল রিপোর্টারর্স অ্যাওয়ার্ড, সালমান শাহ স্মৃতি পরিষদ অ্যাওয়ার্ড ।

১৯৭৩ সালে সংগীতে হাতে খড়ি শাওন চৌধুরীর । তাঁর সঙ্গীত গুরু ওস্তাদ বাদল চন্দ এবং নিয়াজ মোহাম্মদ চৌধুরী।