২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ইমন চক্রবর্তীর নতুন গান

কলকাতার সংগীতশিল্পী কন্ঠ দিলেন বাংলাদেশের মিউজিক ভিডিওতে 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 06:47 PM

Updated : 11 Oct 2022, 01:15 PM

বাংলাদেশের গানে কণ্ঠ দিলেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। শুধু তাই নয়, গানটির মিউজিক ভিডিওতেও অংশ নিয়েছেন এই গুণী শিল্পী। গতকাল রোববার অন্তর্জালে প্রকাশিত হয়েছে গানটি।
 
মন খারাপের আকাশ আমার দেখবে যদি আসো/বলবো না তো এই আমাকে একটু ভালোবাসো- রবিউল ইসলাম জীবনের লেখনীতে এমন গানের কথায় ‘মন খারাপের আকাশ’ শিরোনামের গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। 
 

গানটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‌‘ইমন চক্রবর্তী তার গায়কী দিয়ে দুই বাংলাতেই অসামান্য শ্রোতাপ্রিয়তা পেয়েছেন। ‘মন খারাপের আকাশ’ গানটিও তার কণ্ঠে পূর্ণতা পেয়েছে। বরাবরের মত চেষ্টা করেছি নিজের ভাষায়  শ্রোতাদের মনের কথা ফুটিয়ে তুলতে। আশা করছি সবার ভালো লাগবে।’ বর্ণ চক্রবর্তীর নির্দেশনায় গানটির ভিডিওতে মডেলও হয়েছেন ইমন চক্রবর্তী । মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে আজব রেকর্ডস। এর আগে স্বপ্নীল সজিবের সঙ্গে একটি রবীন্দ্র সঙ্গীতে কণ্ঠ দিয়েছিলেন তিনি

রবীন্দ্রসংগীতের পাশাপাশি লোকগান করে খ্যাতি পাওয়া ইমন চক্রবর্তী কলকাতার চলচ্চিত্রেও নিয়মিত প্লে-ব্যাক করছেন। সম্প্রতি অনুপম রায়ের সঙ্গীত পরিচালনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায়ের ছবি ‘প্রাক্তন’-এ ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি গেয়ে ফের আলোচনায় আসেন তিনি। ২০১২ সালে প্রথম অ্যালবাম প্রকাশিত হয় এ শিল্পীর। এ পর্যন্ত তার রবীন্দ্রসংগীত, লোকগান ও আধুনিক গানের প্রায় ১৫-১৬টি অ্যালবাম প্রকাশিত হয়েছে । এ শিল্পীর আদি নিবাস বাংলাদেশের কুমিল্লা জেলায়।