সিনেমার প্রচারণায় ভারতে আসছেন ডিসেল?
২০১৭ তে আসছে দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড ছবি ‘ট্রিপল এক্স: দ্যা জেন্ডার কেইজ’। জানুয়ারিতে মুক্তি পেতে যাওয়া এ ছবিতে দীপিকার বিপরীতে রয়েছেন ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ খ্যাত তারকা ভিন ডিসেল। এবারে ছবির প্রচারণায় ভারতে আসছেন তিনি।
‘ট্রিপল এক্স: দ্যা জেন্ডার কেইজ’ এর ট্রেইলারে দীপিকা ও ডিসেলের যৌন আবেদনময় উপস্থিতি এরই মধ্যে দর্শকের মন কেড়েছে। দীপিকা ও ডিসেলকে এক সাথে দেখতে তাই মুখিয়ে আছেন সবাই।
‘টাইমস অব ইন্ডিয়া’ বলছে, সিনেমার প্রচারণায় শিগগিরি ভারতে আসছেন ভিন ডিসেল। দীপিকা ও ডিসেলকে তাই একসাথেই দেখতে পাবেন ভারতীয় দর্শক। দীপিকা এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন তার বলিউড ছবি ‘পদ্মাবতী’র শুটিং এর কাজে। শুটিং এর ফাঁকে তাকে হলিউড সিনেমার প্রচারণাতেও দেখা যাবে।
‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির কল্যাণে ইতোমধ্যেই ভারতে বেশ জনপ্রিয় ডিসেল। অন্যদিকে বলিউডের স্বপ্নকন্যা দীপিকার জনপ্রিয়তা এখন রয়েছে তুঙ্গে! ২০১৬তে তার কোনো সিনেমা মুক্তি না পেলেও বছর জুড়ে নানা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দীপিকা। ২০১৭তে তিনি ফিরে আসছেন স্ব-মহিমায়! একসাথে মাতাবেন হলিউড ও বলিউডের রূপালি পর্দা!
