ছয় তরুণের ‘টু-লেইট ব্যাচেলর’
সম্প্রতি রাজধানীর উত্তরায় বিভিন্ন শুটিং লোকেশনে শেষ হলো মো. মেহেদী হাসান জনির ‘টু-লেইট ব্যাচেলর’ নাটকটির দৃশ্যধারনের কাজ। তবে নাটকটি খন্ড নাটক নাকি ধারাবাহিক সেই বিষয়ে মুখে কুলুপ এটে রেখেছেন তিনি।
এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে গ্লিটজকে তিনি বলেন, “নাটকের গল্প এমন যেখানে নগরজীবনের ব্যাচেলরদের নানা রকম ঘটনাগুলো হাস্য রসাত্মক সংলাপে ও নানান নাটকীয়তার মাধ্যমে ফুটে উঠবে। এটি খন্ড নাটক নাকি ধারাবাহিক সেই বিষয়ে এখুনি কিছু বলতে চাইছি না। তবে নাটকের গল্পটি এমন যে, যেখানে নাটকটি শেষ হবে সেখান থেকে সিকুয়েল নির্মাণ করা সম্ভব হবে।”
নাটকটির রচনা করেছেন গোলাম সারওয়ার অনিক।
নাটকের গল্পে দেখা যাবে, ঢাকায় ফ্ল্যাট ভাড়া করে তিন ব্যাচেলর বন্ধু একসঙ্গে থাকেন। এক সময় বাড়িওয়ালার মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে তারা ধরা পড়লে বাড়িওয়ালা তাদের বাসা থেকে বের করে দেয়। এরপর নতুন বাসার জন্য যেখানেই তারা যোগাযোগ করে শুধুমাত্র ব্যাচেলর হওয়ার কারণে কেউ তাদের কাছে বাসা ভাড়া দেয় না। এরপরে তারা তিন জন প্রতিবন্ধী সেজে বাড়ি ভাড়া নিতে গেলে বাড়িওয়ালী তাদেরকে বাসা ভাড়া দিতে রাজি হয়। এমনই বিভিন্ন নাটকীয় ঘটনার মাধ্যমে নাটকটি পরিণতির দিকে এগিয়ে যায়।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহম্মেদ, শারলিন ফারজানা, জোভান, নাদিয়া, উজ্জ্বল চৌধুরী এবং ইরিন ঝরা।
সবকিছু ঠিকঠাক মত চললে খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলে গ্লিটজকে জানিয়েছেন জনি।
