২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবাক জলপান’ এবার আসছে টিভি পর্দায়

প্রখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার রায়ের নাটক ‘অবাক জলপান’ এবার আসছে টিভি পর্দায়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 06:43 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

মূল রচনা অবলম্বনে এ নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শীমুল চৌধুরী ও মেহরাব পিয়াস। গত ২৪ ও ২৫ ডিসেম্বর নাটকের দৃশ্যধারণ করা হয়েছে গুলশান, নিকুঞ্জ-১ ও বনানী এলাকায়।

বাংলাদেশের একজন পর্যটক কলকাতার অভিজাত আবাসিক এলাকায় গিয়ে যেভাবে পানি-সঙ্কটে পড়ে তা  নিয়েই  নাটকটি আবর্তিত হয়েছে। প্রায় শত বছর আগে রচিত নাটকটিতে সময়োপযোগী পরিবর্তন আনা হয়েছে। তবে এই পরিবর্তনের কারনে মূল নাটকের প্রকৃত রসের কোন ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেছেন নির্মাতাদ্বয়।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা মেহরাব পিয়াস বলেন, ‘দেশে শিশুসাহিত্য নিয়ে ভিজুয়াল মিডিয়ায় খুব কম কাজ হয়। আমরা এই শূণ্যস্থানটি পূরণ করতে যাচ্ছি।  ক্লাসিক শিশু সাহিত্যগুলোকে নাট্যরূপদানের প্রচেষ্টা হিসেবে আমরা একটি প্রজেক্ট হাতে নিয়েছি। শিশুসাহিত্যগুলো থেকে প্রাথমিকভাবে ৫২টি রচনা নির্বাচন করা হয়েছে। ‘অবাক জলপান’কেই প্রথম নাট্যরূপ দেয়া হচ্ছে। এর পর পর্যায়ক্রমে বাকিগুলো নির্মাণ হবে।

শিমুল চৌধুরী বলেন, “প্রথম কাজ নিয়ে আমরা সন্তুষ্ট এবং আশাবাদী। জয়ন্তদা ও প্রাণদাসহ সবাই খুব আন্তরিকভাবে কাজ করেছেন। দর্শক খুব শীঘ্রই জনপ্রিয় কোন টিভি চ্যানেলে ধারাবাহিকভাবে আমাদের নির্মাণগুলো উপভোগ করতে পারবেন।”

নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন- জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রাণ রায়, তৌফিকুল ইসলাম ইমন, গাজী ফারুক, জামশেদ শামীম প্রমুখ। নাটকের চিত্রগ্রহন করেছেন হাসান আহমেদ।