২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ‘ছোটকাকু’

৩৩ টি দেশের দুই শতাধিক  চলচ্চিত্র নিয়ে শুরু হচ্ছে ৬ষ্ঠ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ভারতের পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর আকাদেমি’র উদ্যোগে আগামী ২৪ ডিসেম্বর শুরু হচ্ছে উৎসব। এবারের উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চার ছবি। এর মধ্যে তিনটিই জনপ্রিয় চরিত্র ছোটকাকু সিরিজের চলচ্চিত্র।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 09:19 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

উৎসবে প্রদর্শিত হবে আফজাল হোসেন পরিচালিত ছোট কাকু সিরিজের চলচ্চিত্র ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘লেট করে সিলেটে’ ও ‘রাতবিরাতে সাতক্ষীরাতে’। ফরিদুর রেজা সাগরের গল্পে এ জনপ্রিয় চরিত্র ‘ছোটকাকু’ইতিমধ্যেই শিশু কিশোরদের মনে জায়গা করে নিয়েছে।

২০১৪ সাল থেকে ধারাবাহিক নাটক আকারে চ্যানেল আই-য়ে প্রচার হলেও চলচ্চিত্র আকারেই উৎসবে যোগ দিচ্ছে সাগরের ছোটকাকু। চলচ্চিত্রগুলোতে ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা আফজাল হোসেন নিজেই।

এছাড়া, রাবেয়া খাতুন-এর উপন্যাস নিয়ে তাহের শিপন নির্মিত ছোটদের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘একাত্তরের নিশান’ চলচ্চিত্রটিও স্থান করে নিয়েছে কলকাতা আন্তর্জাতিক এই উৎসবে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সেরা জামান, মুনিরা মিঠু প্রমুখ।

কোলকাতা’র নন্দন ১-২-৩ প্রাঙ্গণ, রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ, রবীন্দ্রতীর্থ, স্টার ও অহিন্দ্রমঞ্চে প্রদর্শিত হবে এবারের চলচ্চিত্রগুলো।

আয়োজকরা জানান, উৎসবে টার্মিনেটর সিরিজ, স্টার ওয়ার্স, দ্য মার্টিনের মতো চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও এনিমেশানও থাকছে এবারের আয়োজনে।

সন্দীপ রায়ের ‘ডাবল ফেলুদা’ চলচ্চিত্রের মাধ্যমে এবারের উৎসবের পর্দা উঠবে বলে জানা গেছে।