নতুন বছরে ইন্ডালো’র উপহার!
২০১৭ সালেই নাকি ইন্ডালো ভক্তরা উপহার পাচ্ছেন ইন্ডালোর নতুন একটি গানের মিউজিক ভিডিও। গ্লিটজকে এমন খবর শোনালেন ইন্ডালোর গায়ক জন কবির। যদিও সেখানে কোন গানটি ব্যবহার করা হচ্ছে সে ব্যাপারে মুখে কুলুপ এঁটে রাখতেই বেশি স্বাচ্ছন্দবোধ করছেন তিনি।
এ প্রসঙ্গে গ্লিটজকে জন বলেন,“ আমরা এখনই কোন কিছু বলতে চাইছি না। তবে আমাদের ভক্তরা নতুন একটা গান উপহার পেতে যাচ্ছে অন্তত এইটুকু আভাস দিলাম। তবে সেই গান কোনটি তা এখুনি বলতে চাইছি না। এছাড়া কবে নাগাদ এই মিউজিক ভিডিওটি উপহার দিতে পারবো সেই ব্যাপারে এখুনি কোন নিশ্চয়তাও দিতে পারছি না। বতর্মানে মিউজিক ভিডিওটির নির্মানের জন্য প্রি-প্রোডাক্সনের কাজ চলছে। আসলে বলতে গেলে আমরা পুরো বিষয়টি নিয়েই এখন বেশ মনযোগ দিয়ে কাজ করছি। তবে সবকিছু ঠিকঠাক মত চললে আগামী বছরে মিউজিক ভিডিওটি আমাদের শ্রোতা-ভক্তদের সম্ভবত উপহার দিতে পারবো।”
‘ব্ল্যাক’ ব্যান্ড ছেড়ে দেওয়ার পরে কিছুদিন বেশ চুপচাপ ছিলেন জন কবির। পরবর্তীতে তিনি তার ভক্তদের সুখবর দিয়েছিলেন তার নতুন ব্যান্ড ‘ইন্ডালো’ গঠনের মাধ্যমে। ২০১৬ সালে তারা ভক্তদের জন্য প্রকাশ করে তাদের প্রথম অ্যালবাম ‘কখন কীভাবে এখানে কে জানে’। অ্যালবামটি প্রকাশের পরে জনভক্তদের কাছে ব্যাপক সাড়া ফেলেছিলো অ্যালবামটি।
‘ইন্ডালো’ ব্যান্ডের লাইনআপে রয়েছে জন কবির (কণ্ঠ ও গিটার), বার্ট নন্দিত আড়েঙ্গ (বেজ গিটার), ডিও হক (ড্রামস) এবং জুবায়ের হাসান (কণ্ঠ ও গিটার)।
