কবির বকুলের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
অসুস্থ গীতিকার কবির বকুল বতর্মানে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সোমবার রাতে বকুলের স্ত্রী গায়িকা দিনাত জাহান মুন্নী গ্লিটজকে এমন খবরই জানালেন।
তিনি বলেন, “বতর্মানে তিনি (কবির বকুল) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। যেহেতু তার ডায়াবেটিস রয়েছে তাই ডাক্তারা ভেবে ছিলেন সম্ভবত তা ডেটোরেট করতে পারে। আর শরীরে ডায়াবেটিস থাকলে ডেটোরেট করলে তখন সব ধরনের সম্যস্যাগুলো একই সঙ্গে আক্রমণ করে। যদি ডেটোরেট করতো তাহলে তার লাইফ সার্পোট প্রয়োজন হতো। তবে আজ (সোমবার) সন্ধ্যা পর্যন্ত ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তার লাইফ সার্পোটের প্রয়োজন হয়নি।”
তিনি আরও বলেন, “কিন্তু তার মানে এই নয় যে, তিনি সর্ম্পূণ সুস্থ। তিনি এখনও আইসিইউতে রয়েছেন। তবে তিনি কিছুটা শংকামুক্ত।”
১৩ ডিসেম্বর থেকে হলি ফ্যামিলি হাসপাতালে শারীরিক অসুস্থতাজনীত কারণে চিকিৎসা গ্রহণ করছিলেন কবির বকুল। নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। টানা পাঁচ দিনেও অবস্থার উন্নতি না হলে তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন চিকিৎসকরা।
সর্বশেষ শনিবার রাত সাড়ে দশটায় জরুরী অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাকে আইসিইইউতে স্থানান্তর করেন।
চলচ্চিত্র ও অডিও অ্যালবামের জন্য গান রচনাকারী এই গীতিকার ঘরে তুলেছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি পাঁচ হাজারেরও বেশি গান রচনা করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমার গানগুলোর মধ্যে রয়েছে ‘যায় দিন যায় একাকী’, ‘কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, ‘আমার মাঝে নেই এখন আমি’,‘ ‘আসবার কালে আসলাম একা’, ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’ ইত্যাদি।
