চলচ্চিত্রের বাঁকবদলের তিন কারিগরকে স্মরণ
বাংলাদেশের চলচ্চিত্রের বাঁকবদলের অন্যতম কারিগর নির্মাতা আব্দুল জব্বার খান, জহির রায়হান ও তারেক মাসুদের জীবন ও কর্মের নানা দিক উঠে এলো এক আলোচনায়।
চলচ্চিত্র, নাটক, যাত্রা, পুতুল নাচের কুশলীদের নিয়ে শিল্পকলা একাডেমির নিয়মিত আয়োজন ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’-এ প্রবন্ধ পাঠ, আলোচনায় উঠে আসে এই তিন নির্মাতার জীবনের নানা অজানা অধ্যায়।
সোমবার বিকাল ৫টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ‘স্মৃতি সত্তা ভবিষ্যত-২’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
প্রবন্ধ পর্বের শুরুতে চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ ‘জহির রায়হান: অম্লান সূর্য্যের বিচ্ছুরিত মন্তাজ’ প্রবন্ধে জহির রায়হানের চলচ্চিত্রের কারিগরি ও নন্দনতত্ত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র নির্মাতা আব্দুল জব্বার খানকে নিয়ে ‘আলো দিয়ে ইতিহাস লেখা’ শিরোনামের প্রবন্ধ উপস্থাপন করেন শাহীন মাহমুদ। তারেক মাসুদকে নিয়ে ‘তারেক মাসুদের চলচ্চিত্রে জাতীয়তাবাদের পরিবেশনা’ শিরোনামে প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক।
পরে প্রবন্ধগুলো নিয়ে আলোচনা করেন জহির রায়হানের ছেলে বিপুল রায়হান, আব্দুল জব্বার খানের তৃতীয় ছেলে নওশের হায়াত খান এবং তারেক মাসুদের ভাই নাহিদ মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সূর্যদীঘল বাড়ি’র চিত্রগ্রাহক আনোয়ার হোসেন।
বিপুল রায়হান বলেন, “বাবার মতো আপাদমস্তক শিল্পী আমি আর কোনো নির্মাতার মধ্যে খুঁজে পাই না। বাবা এক ক্যামেরা হাতেই যুদ্ধে চলে গেলেন।তার এই দেশপ্রেম কিন্তু অন্য কারও সাথে মেলানো যাবে না।”
সমাজ-সচেতন জহির রায়হানকে ‘এক আন্দোলন’ অভিহিত করে তিনি বলেন, “ষাটের দশকে যে প্রতিকূলতার মুখোমুখি তাকে হতে হয়েছিল, এখনও আমাদের সেই প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। রাষ্ট্র ও মানুষের মুক্তির লড়াই কিন্তু এখনও চলছে।
“সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার আদর্শকে ধারণ করে রাজনৈতিক ও সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাওয়াই হবে তার প্রতি সর্বোত্তম সম্মাননা।”
‘মুখ ও মুখোশ’ নির্মাণের প্রেক্ষাপট, ছবি সম্পাদনার কাজে লাহোর থেকে করাচি ছুটে যাওয়ার নানা কাহিনি, ছবি মুক্তির নানা ঘটনাবলী তুলে ধরেন নওশের হায়াত খান।
নাহিদ মাসুদ বলেন, “দেশের মানুষের জন্য কেমন এক উৎকণ্ঠা ছিল তারেক ভাইয়ের মধ্যে। সমাজ ও রাজনীতির অচলাবস্থায় তিনি প্রতিকূল পরিবেশেও সিনেমা নির্মাণ করেছেন। আমরা যখন কিছু ভেবে পেতাম না, তিনি চটজলদি সমস্যার সমাধান করে ফেলতেন।”
তারেক মাসুদের চলচ্চিত্রে উঠে আসা মুসলিম সমাজের নানা চিত্র নিয়েও কথা বলেন তিনি।
বাংলাদেশের প্রয়াত নাট্যকার, চলচ্চিত্রকার, যাত্রানট, পুতুলনট স্মরণে ‘স্মৃতি-সত্তা-ভবিষ্যৎ’ শিরোনামের আয়োজনটি চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
