২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গহীন বালুচর’ খুবই রোমান্টিক গল্পের ছবি: সৌদ

সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র গহীন বালুচর চলচ্চিত্রের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। ছোটপর্দায় জনপ্রিয় নির্মাতা বদরুল আনাম সৌদের পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিষেক ঘটছে তিন তরুণ অভিনয়শিল্পীর। ১৭ ডিসেম্বর রাজধানীর একটি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে চলচ্চিত্রটির যাত্রাশুরুর ঘোষণা দেয়া হয়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 03:51 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

‘গহীন বালুচর’চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক ঘটছে বদরুল আনাম সৌদ-এর।

সিনেমাটি সম্পর্কে তিনি বলেন, “একটি চর জাগার গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটির গল্প এগিয়েছে। পরবর্তীতে এখানেই আমরা একটি প্রেমের গল্প খুঁজে পাই। খুব রোমান্টিক একটা গল্পের ছবি ‘গহীন বালুচর’। পাশাপাশি মানুষের আশা-আকাঙ্খা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের চিত্রও ফুটিয়ে তোলার চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, “আমি সাধারণ দর্শকদের জন্য একটি ভালোবাসার ছবি বানাতে চাই। দর্শকদের ভালো লাগবে আশা করি।”

চলচ্চিত্রটিতে অভিষেক ঘটছে ছোটপর্দার অভিনেত্রী নীলাঞ্জনা নীলার। তার সঙ্গে আরও দেখা যাবে দুই নতুন মুখ তানভীর ও মুনকে। তাদের ত্রিভূজ প্রেমের গল্পে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে থাকছেন সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, রুনা খান প্রমুখ।

নির্মাতা জানান, টানা একমাসের শুটিংয়ে আগামী ২২ তারিখ ঢাকার বাইরে যাচ্ছে চলচ্চিত্রটির পুরো টিম। পুরো চলচ্চিত্রের শুটিং হবে একটি চরাঞ্চলে।