২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি আন্তর্জাতিক উৎসবে সেরা ‘গোপন’

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে আশরাফ শিশির পরিচালিত পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গোপন- দ্য ইনার সাউন্ড’। ডিসেম্বরের ৩ থেকে ৯ তারিখ অব্দি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ উৎসবে ৬৮টি দেশের ২১০টি চলচ্চিত্রের মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ ‘অ্যাক্রস দ্যা বর্ডার’-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায় চলচ্চিত্রটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 11:25 PM

Updated : 11 Oct 2022, 09:26 PM

অনুষ্ঠানে উপস্থিত থেকে ভারতের ৮ বার জাতীয় পুরস্কার বিজয়ী এডিটর এ. শ্রীকার প্রাসাদ এর হাত থেকে এ পুরস্কার তুলে নেন চলচ্চিত্রটির পরিচালক আশরাফ শিশির এবং অভিনেত্রী কাবেরী রায়চৌধুরী। 

পুরস্কার গ্রহণকালে আনুষ্ঠানিক বক্তব্যে চলচ্চিত্রটির পরিচালক আশরাফ শিশির বলেন, “এ জয় বাংলাদেশের চলচ্চিত্রের জয়। আমাদের নির্মাতারা এখন শুধু নিজের দেশ নয়, সারাবিশ্বের দর্শকদের জন্য চলচ্চিত্র নির্মাণ শুরু করেছেন, যা একের পর এক সফলতা অর্জন করছে।” 

উৎসবটিতে আজীবন সম্মাননা পান প্রখ্যাত ভারতীয় নির্মাতা মণিরত্নম এবং রাজকাপুর-এর ‘মেরা নাম জোকার’খ্যাত ইউক্রেনিয়ান অভিনেত্রী সেনিয়া রিয়াবিনকিনা। 

উৎসবটিতে বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন দিল্লিতে নিয়োজিত কানাডা, ইরাক, শ্রীলংকা, মরক্কো, আলজেরিয়া, ফিলিস্তিন, তাইওয়ান এর রাষ্ট্রদূতগণ, নয়াদিল্লি মিউনিসিপল কাউন্সিলের চেয়ারম্যান নরেশ কুমার, দিল্লি বিজেপি'র কেন্দ্রীয় সভাপতি সতীশ উপাধ্যায়সহ আরো অনেকে।  

বহুল আলোচিত শিশুবিষয়ক চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’র পর থ্রিলারধর্মী দ্বিতীয় চলচ্চিত্র ‘গোপন’ নির্মাণ করলেন আশরাফ শিশির। ২০১৫ সালের জুন মাসে ছবিটির শুটিং সম্পন্ন হয়। এটি প্রযোজনা করেছেন- মিডিয়াএইড বাংলাদেশ, কানাডিয়ান মিডিয়া এন্টারটেইন্টমেন্ট ইনক. এবং ডিজিসুগার এলএলসি। 

Image
গোপন২: ‘গোপন’ ছবির একটি দৃশ্যে সুমনা সোমা

গোপন২: ‘গোপন’ ছবির একটি দৃশ্যে সুমনা সোমা

চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান- আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে জড়িয়ে যাওয়া এক পিতা, তার হারিয়ে যাওয়া স্ত্রী এবং একমাত্র কন্যাসন্তানের বিবর্তন, একজন জনপ্রিয় লেখিকার জীবনে মনস্তাত্বিক অসহায়ত্বের মধ্যে একজন ফ্লপ ছবির নির্মাতার আগমন কিভাবে কয়েকটি খুন আর নতুন কিছু স্বপ্নের জন্ম দেয়– তা দেখানো হয়েছে। 

চলচ্চিত্রটিতে অভিনয় করেন- কাবেরী রায় চৌধুরী, সুমনা সোমা, ইমরান ইমু, লাবন্য ক্যাটরিনা, আনন জামান, সিরাজুল ইসলাম, সৌরভ তোফাজ্জল, আবুল কালাম আজাদ, মান্নাফ কাইজার, দেবীপ্রসাদ, মিলা, দীপ, উজ্জ্বল, ফেরদৌস রেজা, রুদ্রনীল, শুভ সহ চারশ’নাট্যকর্মী। এছাড়াও চলচ্চিত্রটিতে শিশুশিল্পীদের মধ্যে অভিনয় করেছেন- রাজকন্যা, রনন, দূর্বা, কিন্নর ও জুহাইর। 

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আশরাফ শিশিরের আরেকটি চলচ্চিত্র ‘আমরা একটা সিনেমা বানাব’ বর্তমানে পোস্ট-প্রডাকশন পর্যায়ে রয়েছে।