‘আমরাও আন্দোলন জানি’
দিনভর অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের মুখর পদচারণায় সফলভাবে শেষ হলো ফেডারেশন অব টেলিভিশনস প্রফেশলানস অর্গানাইজেশনস (এফটিপিও) আয়োজিত টেলিভিশন শিল্পী কলাকুশলীদের সমাবেশ। প্রতিবাদ, বিক্ষোভ আর আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে সমাবেশ শেষে সংগঠনটির আহ্বায়ক মামুনুর রশিদের কণ্ঠে ঘোষিত হল সরকার ও টেলিভিশন মালিকদের প্রতি চূড়ান্ত আলটিমেটাম।
দেশের বেসরকারি টিভি চ্যানেলে বাংলায় ডাব করা বিদেশি সিরিয়াল ও অনুষ্ঠান প্রচার বন্ধ করা, টেলিভিশন অনুষ্ঠান ক্রয় ও প্রচারের ক্ষেত্রে এজেন্সির হস্তক্ষেপ বন্ধে কার্যকর ব্যাবস্থা গ্রহন করা, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির নূন্যতম ও যৌক্তিক হার পুনঃনির্ধারণসহ ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশিয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করা ও দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করার পাঁচ দফা দাবি নিয়ে দিনভর প্রতিবাদ আর বিক্ষোভে সামিল হন দেশের টেলিভিশন অঙ্গনের প্রায় সকল শিল্পী ও কলাকুশলী।
বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন তারকা শিল্পীরা। টেলিভিশন শিল্পী ও শিল্পীদের আত্মরক্ষার এ আন্দোলনে বক্তব্যের পাশাপাশি ব্যঙ্গাত্মক কৌতুক, দেশাত্মবোধক গান আর প্রতিবাদি কবিতা আবৃত্তিতেও উজ্জীবিত হন আন্দোলনে সামিল প্রত্যেকে।
সকাল দশটায় শুরু হওয়া এ সমাবেশ শেষে বিকেল পাঁচটায় পরবর্তী কর্মসূচী ঘোষণা করেন এফটিপিওর আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ। সমাবেশে মিডিয়া সংশ্লিষ্টদের এ উপস্থিতিকে বাংলাদেশের মিডিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা উল্লেখ করে এর তাৎপর্য তুলে ধরেন তিনি।
মামুনুর রশিদ তার বক্তব্যে বলেন, “আজ আপনারা যে ইতিহাস রচনা করলেন বাংলাদেশের মিডিয়ার ইতিহাসে এতবড় ঘটনা ঘটেনি। আজ কোথাও শুটিং হয়নি, লাইট জ্বলেনি, ক্যামেরা অন হয়নি- এটা আমাদের বিরাট সাফল্য। এমন একটি দিন আমাদের শিল্পী-কলাকুশলী ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকলের সঙ্গে প্রতিবছর পালন করবো।”
আন্দোলনের কর্মসূচি ঘোষণায় তিনি বলেন, “আমাদের যে পাঁচ দফা দাবি আছে তার মধ্যে কিছু দাবি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। সরকার একটি কমিটি গঠন করেছেন, সেই কমিটির কাছে, সরকারের কাছে আমাদের সম্পূর্ণভাবে একটি কথাই, সেটা হচ্ছে তাদেরকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিচ্ছি, এ সময়ের মধ্যে আমাদের দাবি না মানলে পয়লা জানুয়ারি থেকে আমরা দূর্বার আন্দোলন গড়ে তুলবো।”
“আমাদের দ্বিতীয় দাবি চ্যানেলের কাছে- যদি কোনো চ্যানেলে ১৫ ডিসেম্বরের পর একটি ডাবিং সিরিয়াল চলে তাহলে আমরা সেই চ্যানেলের সামনে অবস্থান নেবো। ১৬ ডিসেম্বর থেকে আমরা বাংলাদেশে ডাবিংমুক্ত টেলিভিশন চাই। আমরা আমাদের শিল্পীদের পেশাগত নিরাপক্তাসহ এর চেয়ে ভালো পরিস্থিতি চাই। আজকের এই মিডিয়া ইন্ডাস্ট্রি বাংলাদেশের অনেক ইন্ডাস্ট্রির চাইতেও অনেক বড়, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির চেয়েও অনেক বড়, সরকারকে এটা বুঝতে হবে।”
এছাড়াও এই আন্দোলনের মাধ্যমে শিল্পীদের কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হওয়ার বিষয়টিও এফটিপিও মোকাবেলা করবে, এমনটাই বললেন তিনি।
“তৃতীয়ত, আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছি, সবার চোখেমুখে উদ্দীপনা দেখতে পাচ্ছি, স্বপ্ন দেখতে পাচ্ছি, আশা দেখতে পাচ্ছি। এই আশা যেন ভঙ্গ না হয়, যদি কোনো চ্যানেল বা কোনো কর্তৃপক্ষ একজন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, ব্ল্যাকলিস্ট করে, তাহলে আমরা এখানে যারা আছি প্রত্যেকেই তার পাশে দাঁড়াবো।”
সরকার ও টেলিভিশন চ্যানেলের কাছে দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে মামুনুর রশিদ আরও বলেন, “আমরা আপনাদের অনুরোধ করবো আমাদের দাবি মেনে নিন, আমাদের চ্যানেলকে শৃঙ্খলায় আসতে দিন এবং কোনো চ্যানেল যদি নিজ থেকে রুগ্ন হয়ে যায়, তাহলে আমরাও তার পাশে দাঁড়াবো। কোনো চ্যানেল বন্ধ হোক তা আমরা চাই না। কিন্তু আমার শিল্পীরা, আমার কলাকুশলীরা যদি রুগ্ন হয়ে যায়, ডাবিংয়ের কারনে, সরকারের পলিসির কারণে তাহলে আমরাও আন্দোলন চিনি, আন্দোলন জানি।”
সকল ষড়যন্ত্র থেকে নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান খ্যাতিমান এই নাট্য ব্যক্তিত্ব।
তিনি বলেন, “আমি নিজে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। এখানে অনেকেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনা সবজায়গায় নিশ্চিহ্ন হলেও শিল্পীদের ভেতর থেকে কখনো নিশ্চিহ্ন হবে না। সেই চেতনা সঙ্গে নিয়ে আমরা আগামীর পথ চলবো, সবাই ঐকবদ্ধ থাকবো। যদি এফটিপিও থেকে আপনাদের ডাক দেই আপনারা সেদিনও আমাদের পাশে এসে দাঁড়াবেন, আমরাও আপনাদের পাশে আছি।”
