সিনেমা মুক্তির আগে ধূমপান বাড়িয়ে দেন আমির!
ধূমপানের অভ্যাসটা অনেক পুরনো আমির খান-এর। হয়তো নিজেও জানেন ব্যাপারটি স্বাস্থের জন্য ভালো নয় মোটেই, তবুও নানান অজুহাতেই তা ছাড়তে পারেন না। এবার ভারতীয় এই অভিনেতা জানালেন, নিজের সিনেমা মুক্তির আগে নাকি ধূমপান কয়েকগুণ বাড়িয়ে দেন তিনি!
হিন্দুস্তান টাইমস জানায়, ‘দাঙ্গাল’ এর মুক্তির আগে নাকি দুশ্চিন্তায় ধূমপান বেড়ে যাবে বলে মনে করছেন আমির।
তিনি বলেন, “নিজের ধূমপানের ব্যাপারে আমি মোটেও খুশি নই। কিন্তু যখনই আমার সিনেমার মুক্তির সময় ঘনিয়ে আসে, আমার ধূমপানের পরিমাণ বেড়ে যায়। পরবর্তীতে অবশ্য ছেড়ে দেয়ার চেষ্টা করি। ধূমপান আমার অভিনয়কে প্রভাবিত করে না, কিন্তু আমার শরীরকে প্রভাবিত করে।”
আমির-এর চার বছরের ছেলে আজাদও বাবার এই অভ্যাস পছন্দ করে না। তার সামনে ধূমপান একদমই না করার চেষ্টা করেন আমির। এর আগে মুক্তি পাওয়া ‘পিকে’, 'ধুম-থ্রি' এবং 'তালাশ' সিনেমার ক্ষেত্রেও নাকি এমনটাই হয়েছিল।
এই মুহুর্তে ‘দাঙ্গাল’ নিয়ে ব্যস্ত থাকলেও আমিরকে ২০১৭ সালে দেখা যাবে ‘থাগস অফ হিন্দুস্তান’ সিনেমায়। এতে প্রথমবারের মতো তিনি অভিনয় করবেন অমিতাভ বচ্চন-এর সঙ্গে।
ওই সিনেমার প্রস্তুতি হিসেবে এখন থেকেই দাড়ি-গোঁফ রাখতে শুরু করেছেন আমির। এটাই নাকি হবে নতুন সিনেমায় তার নতুন বেশ।
আমির বলেন, “আমার নতুন দাড়িওয়ালা চেহারা আমার নতুন সিনেমা ‘থাগস অফ হিন্দুস্তান’-এর জন্য। অবশ্যই এটা চূড়ান্ত রূপ নয়; সেটা দেখা যাবে আরও আড়াই মাস পর।”
