২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাট্যাঙ্গনে সার্বিক মানোন্নয়ন দরকার: রামেন্দু মজুমদার

ঝিমিয়ে পড়া নাট্যচর্চাকে সক্রিয় করে তুলতে নিস্ক্রিয় নাট্য সংগঠনগুলোর কার্যক্রমকে নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার প্রস্তাবনা দিয়েছেন বিশ্ব আইটিআই এর সাম্মানিক সভাপতি নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 10:45 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের তিন যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই প্রস্তাবনা দেন তিনি।

রামেন্দু মজুমদার বলেন, “বাংলাদেশে নাট্যচর্চার ক্ষেত্রে পরিবর্তন এসেছে। এখন যা দরকার, তা হলো নাটকের সার্বিক মানোন্নয়ন।”

একইসঙ্গে মঞ্চে যৌথ প্রযোজনার নাটকের ওপর গুরুত্বারোপ করে এই নাট্য সংগঠক বলেন, “গ্রুপ থিয়েটার ফেডারেশনের নীতিমালায় শিথিলতা আনা উচিত। দু-তিনটি নাট্যদল ‍মিলে একটি নাটক নির্মাণ করতে পারে। এতে নাটকের মান বাড়বে।”

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মঞ্চ নাটকের পেশাদারিত্বের দিকে ‘মনযোগ’ দেওয়ার নাট্যকর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি।

আলোচনা সভার পরে ‘বাংলাদেশে নাট্যচর্চা প্রবণতা’ শিরোনামে এক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবদুস সেলিম।

১৯৮০ সালের ২৯ নভেম্বর বাংলাদেশের মঞ্চ নাট্যশিল্পীদের ‘স্বপ্নের বাস্তবায়ন’ করতে এবং গ্রুপ থিয়েটার আন্দোলনকে বিকশিত করার প্রত্যয়ে গঠিত হয়েছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। ২৯ নভেম্বরকে তারা পালন করছে ‘থিয়েটার দিবস’ উপলক্ষে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা সমিতি থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করে গ্রুপ থিয়েটার ফেডারেশনের কর্মীরা, শেষ হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এসে। বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রীতি সম্মেলনের আয়োজন করে তারা।

তখন এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে চলছিল নাট্যতথ্য প্রদর্শনী। রাজধানী ও রাজধানীর বাইরেও নাটকের দলগুলোর বিভিন্ন পারফরম্যান্সের ছবি ঠাঁই পেয়েছিল সেই প্রদর্শনীতে।

তিন যুগ পূর্তি অনুষ্ঠানে স্মরণ করা হয় প্রয়াত নাট্যজনদের। তাদের স্মরণে বিকাল সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালায় আলোক প্রজ্জ্বলন করেন শিল্পীরা।

আলোচনা সভা শেষে ছিল ‘স্মৃতি সত্তা’র নাট্য মঞ্চায়ন। এতে মঞ্চস্থ নাটকগুলো বাংলাদেশে নাটক চর্চার অগ্রদূতদের নিয়ে নির্মিত হয়েছে।