২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানের কবি হুমায়ূন আহমেদ

বেলি, গোলাপ, রজনীগন্ধা নয় - হুমায়ূন আহমেদ দেখেছেন সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল। এই ফুলের সৌন্দর্য তিনি সবাইকে জানাতে চেয়েছেন তার গানে। যুগে যুগে গীতিকবিরা নারীর সৌন্দর্য নিয়ে লিখেছেন আর করেছেন নারী রূপ বন্দনা। কিন্তু হুমায়ূন আহমেদ লিখেছেন ‘দুই চোখে তার আহারে কি মায়া’। এখানেই তিনি অনন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মকসুদ জামিল মিন্টু, অতিথি লেখক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 06:41 AM

Updated : 12 Apr 2022, 03:17 AM

‘কোথাও কেউ নেই’ নাটকের আবহ সংগীত করতে গিয়ে হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়। অসংখ্য নাটকের আবহ সংগীত করেছি তার সঙ্গে। তার চলচ্চিত্রে কাজ করেছি, তার লেখা গীতি কবিতায় সুর করেছি, যেগুলো লোকের মুখে মুখে ফেরে।

‘একটা ছিল সোনার কন্যা’ গানটি লিখে দিয়ে লাজুকভাবে বলেছিলেন, “ভাই মিটারে গণ্ডগোল থাকলে বলবেন।”

সেই থেকে শুরু পথচলা। বেশ কিছু গান লিখে দিয়েছেন, যার অধিকাংশই আমার সুর করা। আরও দুই এক জনকে দিয়েছেন। তারাও সুর করেছেন। প্রতিটি গানই কথা ও সুরে অসাধারণ হয়েছে, বাংলা গানকে করেছে সমৃদ্ধ।

‘ও আমার উড়াল পঙ্খীরে যা যা তুই উড়াল দিয়া যা’- হুমায়ূন আহমেদের লেখা, আমার সুর করা এই গানটি ‘চন্দ্রকথা’ চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছিল। এই গানে তিনি পাওয়া না পাওয়ার বেদনা অসাধারণভাবে তুলে ধরেছেন।

তিনি কোনো উপমার ধার ধারেননি। সরাসরি লিখেছেন ‘আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল পষ্ট, দুই চোখে ভর করিল আন্ধার নিরাশা’- এই দুটি চরণে অনেক কষ্টের বদলে লিখেছিলেন বেজায় কষ্ট, যা আমাকে অভিভূত করেছে। এবং গানটিকে নিয়ে গেছে সাধারণ মানুষের কাছে।

‘চাঁদনী পসরে কে আমায় স্মরণ করে’ ‘চন্দ্রকথা’ চলচ্চিত্রের জন্য লেখা। হুমায়ূন আহমেদের আরেকটি অসাধারণ গান। যেটি আমি সুর করেছিলাম। জীবন, মৃত্যু, আশা, নিরাশা-সবকিছু মিলিয়ে তিনি লিখেছেন “বাহিরে চান্দের আলো ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার, তবু কেনো সে আমার ঘরে আসে না।”

জোছনা পিয়াসী হুমায়ূন আহমেদ লিখেছেন ‘আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে, অবাক জোছনা ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে’- এ গানটি আমার সুরে শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে।

এই জীবনের ক্ষণস্থায়িত্ব এবং আমাদের প্রচুর চাওয়া নিয়ে এ গানে  হুমায়ূন আহমেদ বলেছেন ‘ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই, হাত ভরতি চান্দের আলো ধরতে গেলে নাই’-  অসাধারণ এ চরণ দুটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা আসলে কিছুই নিয়ে যেতে পারবো না, শুধু আমাদের কর্ম থেকে যাবে।

হুমায়ূন আহমেদ তার কাজে একনিষ্ঠ ছিলেন। যাকে যে কাজটি দেবেন সে সেটি ভালো ভাবে শেষ করবে এটাই তার চাওয়া ছিল। আমার সুর করার ক্ষমতার প্রতি তার ভীষণ আস্থা ছিল। কখনও গানের সুরটা শুনতে চান নাই। একবারে স্টুডিওতে এসে গানের চূড়ান্ত রূপটি শুনে গেছেন।

‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে ‘আইজ আমরার কুসুম রানীর বিবাহ হইবে’- গানটি রেকর্ড করার আগে তিনি আমাকে বলেন, “গানটিতে যত কম বাদ্যযন্ত্র ব্যবহার করা যায়। সে ভাবেই যেন রেকর্ড করি।”

আমি গানটিতে কোনো বাদ্যযন্ত্রই ব্যবহার করি নাই। দুধের টিন, চামড়ার সুটকেস, লোহালক্কড় এই সব ব্যবহার করে আবহ তৈরি করেছিলাম। তার কাছে এটি অসাধারণ লেগেছিল। এবং চলচ্চিত্রে তিনি কেরোসিনের টিন, সুপারি কাটার যন্ত্রবিশেষ, জাঁতি, হামানদিস্তা- এইসব ব্যবহার করে গানটি চিত্রায়ণ করেছিলেন।

‘বরষার প্রথম দিনে’- গানটি সুর করেছিলাম ‘নীতু তোমাকে ভালোবাসি’ টেলিফিল্মের জন্য। গানটিতে ঘোড়ার গাড়ি চলার আবহ ছিল। তিনি গানটির চিত্রায়ণ নিয়ে অতৃপ্ত ছিলেন। পরে তিনি ‘দুই দুয়ারী’ চলচ্চিত্রে গানটি ব্যবহার করেন এবং চিত্রায়নে ঘোড়ার গাড়ি ব্যবহার করেছিলেন। গানটি ব্যাপক জনপ্রিয়।

‘দুই দুয়ারী’ চলচ্চিত্রে আরেকটি গান ছিল ‘মাথায় পড়েছি সাদা ক্যাপ’। গানটি একটানা লেখা ছিল, কোনো বিরতি ছিল না। এখন আমাদের তরুণ সমাজ যে ধরনের গানের চর্চা করতে চায় বা যাকে জীবনমুখী গান বলে, হুমায়ূন আহমেদ তা লিখে গিয়েছেন ১৫ বছর আগে।

অনেক গান লিখে দিয়েছেন। সুর করেছি। শ্রোতারা গ্রহণ করেছেন সমাদরে। তা নাটক বা চলচ্চিত্র-যার জন্যই হোক না কেনো।

হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’র বেশকিছু সংগ্রহ গানের সঙ্গীতায়োজন শেষ করেছি। এ সময় তিনি এক লাইন গান লিখে পাঠালেন সুর করার জন্য। গানটি নাকি এক লাইনই হবে। এক লাইনে আমার মন ভরছিল না। তাই গানটি গেয়ে রেকর্ড করে তার কাছে পাঠালাম। তিনি কখনও রেকর্ডিংয়ের আগে সুর শুনতে চান নাই।

এই প্রথম তাকে সুরটা শুনতে পাঠালাম। তিনি সুরটা শুনে আমাকে ফোন করে বললেন “ভাই দুই দিন পরে রেকর্ড করেন, আমি পুরো গানটি লিখে পাঠাচ্ছি।” 

দুই দিন পরে পুরো গানটি রেকর্ড করলাম। ‘বাজে বংশী রাজহংসী নাচে দুলিয়া দুলিয়া’ হুমায়ূন আহমেদের লেখা ও আমার সুরে শেষ গান।

হুমায়ূন আহমেদ চলে গেছেন। আমরা হারিয়েছি উপন্যাস, গল্প, নাটক, চলচিত্রের একজন মহান কারিগরকে। সেই সঙ্গে হারিয়েছি একজন অসাধারণ গীতিকারকে। হুমায়ূন আহমেদের গান যুগে যুগে শ্রোতাদের আপ্লুত করবে। সুরকার হিসেবে হয়ত আমার নামটিও থাকবে তার পাশে। মহান ব্যক্তিদের কর্মসঙ্গী সবাই হতে পারে না। আমার সেই সৌভাগ্য হয়েছিল। হুমায়ূন আহমেদের মতো আলোকিত মানুষের সঙ্গে কাজ করতে পেরেছিলাম।

হুমায়ূন আহমেদের জন্য ভালোবাসা।

লেখক: সুরকার ও সংগীত পরিচালক