ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার মার্কিন তারকারা
সবে মাত্র মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে তাকে নিয়ে শুরু হয়েছে নিন্দার ঝড়। আপত্তিকর মন্তব্য ও নারী-নিপীড়নের পূর্ব নজির থাকায় শুরু থেকেই ট্রাম্পের বিরুদ্ধে ছিলেন হলিউড তারকারা। নির্বাচনের দু’দিনের মাথায় অনেকেই যোগ দিচ্ছেন ট্রাম্প বিরোধী গণ-বিক্ষোভে।
ট্রাম্পের প্রতি ক্ষোভেরর কথা টুইট করছেন হলিউড তারকারা। ‘গেইম অব থ্রোন্স’-এর রচয়িতা আর.আর. মার্টিন ট্রাম্পকে ‘নিকৃষ্টতম’ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে লিখেছেন, “ডোনাল্ড ট্রাম্প দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট হিসেবে গণ্য হবেন। আপনারা অপেক্ষা করুন। জানুয়ারিতেই আমার কথার প্রমাণ পাবেন।”
ট্রাম্পের জয়ে ক্ষুব্ধ হয়েছেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনাও।
টুইট পোস্টে এ বিষয়ে তিনি লিখেছেন, “সময় এসে একত্রিত হয়ে রুখে দাঁড়ানোর। নিউইয়র্ক সিটিতে আজ জ্বলছে বিদ্রোহের আগুন। ট্রাম্প বিরোধী আন্দোলনের প্রতি আমার ভালবাসা রইলো।”
অভিনেত্রী অ্যালিসা মিলানো লিখেছেন, “ট্রাম্প-বিরোধী আন্দোলনে যারা অংশ নিচ্ছেন তারা সবাই আপনাদের অবস্থানের কথা আরও বেশি করে প্রচার করুন। সারা দেশে ট্রাম্প-বিরোধী আন্দোলন গড়ে তুলুন। তার মতো নোংরা লোককে আমরা আমাদের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই না।”
হলিউড অভিনেত্রী জেমি লি কার্টিস তার ট্যুইটারে আন্দোলনের একটি ভিডিও জুড়ে দিয়ে লিখেছেন, “এটা শুরু হয়ে গেছে। সারা দেশে যে যেখানে আছেন সবাই আন্দোলনে যোগ দিন। শিকাগোতে আমার পরিবারের লোকেরা এতে অংশগ্রহণ করছে। ট্রাম্প-এর প্রতি নিন্দা জানানোর এর চেয়ে ভালো সুযোগ আর নেই।”
এদিকে ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি আন্দোলনেও নেমে পড়েছেন বেশে কিছু তারকা। এর মাঝে রয়েছেন সংগীতশিল্পী লেডি গাগা, অভিনেতা মার্ক রুফ্ফালোসহ আরো অনেকেই।
