ডগলাস ভুল বলছেন: কিলমার
মার্কিন অভিনেতা ভ্যাল কিলমার বলেছেন তিনি কণ্ঠনালীর ক্যান্সারে ভুগছেন না এবং এ ব্যাপারে মাইকেল ডগলাস-এর দেওয়া তথ্য সত্য নয়।
এর আগে অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাস দাবি করেছিলেন, তার বন্ধু কিলমার ‘সেই রোগেই ভুগছে যা আমার (ডগলাস-এর) ছিল’। উল্লেখ্য, ডগলাস ২০১০ সালে জিহ্বার ক্যান্সারে আক্রান্ত হন।
ডগলাসের দেওয়া তথ্যটি ভুল- এটি ব্যাখ্যা করে ফেইসবুকে দীর্ঘ একটি পোস্ট প্রকাশ করেন কিলমার। সেখানে তিনি জানান, তার ‘ঘোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস’ সহশিল্পীর সঙ্গে শেষবার কিলমার-এর কথা হয়েছিল দুই বছর আগে।
তিনি লিখেন, “আমি মাইকেলকে ভালোবাসি, কিন্তু সে ভুল জানে। শেষবার যখন তার সঙ্গে কথা হয়, সেটি ছিল দুই বছর আগের ঘটনা। আমি তার একজন বিশেষজ্ঞের কথা জানতে চেয়েছিলাম, আমার কন্ঠনালীতে একটি রহস্যময় পিণ্ডের জন্য।
যে কারণে আমি আমার নাটক ‘সিটিজেন টোয়েইন’-এ অংশ নিতে পারছিলঅম না।”
ওই পোস্টে তিনি আরও জানান, “আমি গত বছর তিনটি সিনেমা বানিয়েছি, যার মধ্যে একটির পরিচালনাও করেছি আমি। এখন আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরার মাধ্যমে এটিকে সবার সামনে তুলে ধরছি এবং এসব বিষয়ে প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনারা যদি ভেবে থাকেন আমি বাজে বকছি, তাহলে ওয়েস্টউডে এসে আমাকে হাসিখুশি এবং জীবন্ত অবস্থায় দেখে যান।”
সবশেষে মাইকেল ডগলাসকে উদ্দেশ্য করে তিনি লিখেন, “মাইকেল ডগলাসকে যেটাই আমার স্বাস্থের ব্যপারে বিচলিত করে থাকুক না কেন, তিনি গোটা বিশ্বের প্রতিভাবান একদল মানুষের কাছের বন্ধু। আমি নিশ্চিত তিনি খারাপ কিছু মনে করে এমন কিছু বলেন নি।”
