মৌলিক গান করে ঝুঁকি নেইনি: লুশা মির্জা
এক সপ্তাহ আগে ইউটিউবে প্রকাশিত হয় সংগীত শিল্পী লুশা মির্জা’র নতুন গান ‘অচেনা মানুষ’-এর মিউজিক ভিডিও। এরইমধ্যে ৮৩ হাজারেরও বেশি ভিউ নিয়ে আলোচনায় উঠে এসেছে শ্রেতামহলে লুশা মির্জার এই মৌলিক গানটি।
শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়া লুশা মির্জা রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবেই পরিচিত ছিলেন। এবার প্রথমবারের মতো শ্রোতাদের জন্য মৌলিক গান নিয়ে উপস্থিত হয়েছেন তিনি।
নিজের চেনা জগৎ ছেড়ে হঠাৎই মৌলিক গানের অঙ্গনে প্রবেশ করাটা ঝুঁকি হয়ে গেল না?
গ্লিটজ-এর এমন প্রশ্নে তিনি বলেন, “আমি বলবো না মৌলিক গানের ক্ষেত্রে এটা কোন ঝুঁকি নেওয়া হচ্ছে। আমার কাছে অনেক মৌলিক গানের প্রস্তাব আসে। কিন্তু কোনো গানের বানী ও সুর যদি মনের ভিতরে না ছুঁয়ে যায় তাহলে আমি সেই গান নিয়ে আর অগ্রসর হই না। কিন্তু এই গানের কথা ও সুর আমার ভালো লেগেছে বলেই আমার কাছে মনে হয়েছে এই গানটি নিয়ে কাজ করা যায়।”
এই মুহুর্তে অন্তর্জালে মাত্র একটি গান প্রকাশ করলেও আগামীতে আধুনিক গানের পুরো অ্যালবাম প্রকাশের কিছুটা ইঙ্গিতও দিলেন লুশা।
তিনি বলেন, “এমন একটি সম্ভাবনা রয়েছে। এই গানটি যেহেতু ই-মিউজিকের ব্যানারে র্নিমিত হয়েছে তাই আমার আরো কিছু মৌলিক গান নিয়ে কাজ করার জন্য তারা বেশ আগ্রহ প্রকাশ করেছে। ভবিষ্যতে হয়ত এই গানগুলো নিয়ে একটি সংকলন প্রকাশ করা হতে পারে।”
