২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশ্বরিয়াকে শ্রদ্ধা করি: রানবির

কারান জোহারের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এ রানবির কাপুর-ঐশ্বরিয়া রাই বচ্চনের অসম বয়সের পর্দা-রসায়ন নিয়ে যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে ঠিক তখনই ভারতীয় রেডিওকে দেয়া এক সাক্ষাতকারে অ্যাশকে নিয়ে বেঁফাস মন্তব্য করে বসলেন রানবির কাপুর! পরে ‘তার মন্তব্যর ভুল ব্যাখ্যা করা হয়েছে’ বলে দাবি করেন এ তারকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 02:27 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি এক রেডিও সাক্ষাতকারে রানবির ও ঐশ্বরিয়ার সাম্প্রতিক ঘনিষ্ঠ ফটোশ্যুট ও পর্দায় খোলামেলা উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছিলো। সে সময় ঐশ্বরিয়ার সাথে তার অভিনয় নিয়ে বেশ স্বত:ফূর্তভাবে কথা বলতে শোনা গেছে এ অভিনেতাকে। 

কিন্তু সমস্যা বেঁধেছে অন্যখানে। রানবিরের একটি মন্তব্যকে কিছু গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে-এমনই অভিযোগ পাওয়া গেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সাক্ষাতকারে ঐশ্বরিয়ার সাথে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রসঙ্গে জানতে চাওয়া হয় রানবিরের কাছে।

উত্তরে তিনি বলেন, “আমার প্রথমে খুবই লজ্জা লাগছিলো তার মত একজন প্রবীণ শিল্পীর সাথে কাজ করতে। তাকে স্পর্শ করার সময় বার বারই আমার হাত কাঁপছিলো। বিশেষ করে যখন আমি তার গালে হাত বুলাচ্ছিলাম।”

রানবিরের এ বক্তব্যর পর প্রশ্নকর্তা জিজ্ঞেস করে কিভাবে পরের দৃশ্যগুলো ওকে হলো? এরপরেই সেই বিতর্কিত মন্তব্যটি করেন রানবির! 

তিনি বলেন, “আমাকে নার্ভাস দেখে ঐশ্বরিয়াই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সে আমাকে বলে, এটা তো স্রেফ অভিনয়। এরপরেই আমি মনে সাহস পেয়েছি! আমার মনে হলো, এটা আসলে এমন একটি সুযোগ যা বারবার আসে না! তাই আমিও সুযোগের সদ্ব্যবহার করলাম!”

রানবিরের এ সাক্ষাতকার প্রচারের সাথে সাথেই আলোচনা-সমালোচনার ঝড় ওঠে ভারতীয় গণমাধ্যম জুড়ে। তার এ বক্তব্যকে নিন্দনীয় ও ঐশ্বরিয়ার ব্যক্তিত্বের জন্য অপমানজনক বলে মনে করছেন অনেকেই। ফলে এ ব্যাপারে চুপ করে থাকতে পারলেন না রানবির। অভিযোগের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হলেন তিনি।

এ প্রসঙ্গে রানবির বলেন, “তারা আমার মন্তব্যকে বাজেভাবে উপস্থাপন করেছে। আমি যে প্রসঙ্গে এ কথা বলেছি সেটা ছিলো একবারেই আলাদা। এটা নিয়ে এভাবে খবরের শিরোনাম করা করো হয়েছে দেখে আমি খুবই আহত হয়েছি। ঐশ্বরিয়াকে আমি শ্রদ্ধা করি। সে একজন বড় মাপের তারকা। এছাড়াও আমাদের পারিবারিক বন্ধু সে। তাকে নিয়ে এমন অসম্মানজনক মন্তব্য আমি কখনোই করতে পারি না।”

যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য জানা যায়নি বচ্চনবধূর তরফ থেকে। তবে রানবিরের সাথে খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে খুব একট খুশি নন বচ্চন পরিবার- এমনটাই এর আগে জানা গেছে ভারতীয় গনমাধ্যমের পক্ষ থেকে।