পদাবলী কীর্তনের অ্যালবাম ‘মেঘ যামিনী’র মোড়ক উন্মোচন
রাজধানীতে শিল্পী কিরণ চন্দ্র রায়ের পদাবলী কীর্তনের অ্যালবাম ‘মেঘ যামিনী’র মোড়ক উন্মোচন করা হয়েছে, যাতে বসেছিল পদাবলী কীর্তনের আসরও।
শনিবার দীপাবলির সন্ধ্যায় কারওয়ানবাজারে ডেইলি স্টার-বেঙ্গল প্রিসিঙ্কটে আয়োজিত অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন কবি আবুল মোমেন।
আবুল মোমেন বলেন, “এই অ্যালবামের মাধ্যমে আমরা বাঙালির হাজার বছরের প্রাচীন ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারছি। পদাবলী বাংলা সাহিত্যের সব চেয়ে উজ্জ্বল সৃষ্টি। পদাবলীর মতো গীতিকবিতা এখনও বাংলা সাহিত্যে সব চেয়ে জনপ্রিয়।”
“শিল্পী ও শ্রোতাদের অবশ্য পদাবলী গান সম্পর্কে ধারণা থাকা উচিত, এছাড়া আমাদের সংগীতের শ্রেষ্ঠত্ব অনুভব করা সম্ভব না। মাঠে-ময়দানে, আসরে যেভাবে কীর্তন পরিবেশিত হয়, সেই আঙ্গিকটি আমি ধরতে চেয়েছি,” বলেন এই প্রবীণ শিল্পী।
অ্যালবামে সংকলিত গানগুলোর মধ্যে রয়েছে, বিদ্যাপতির পদ ‘মাধব বহুত মিনতি করি’, গোবিন্দ দাসের পদ ‘ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণি’ ও ‘মেঘ যামিনী চললি কামিনী’, দ্বিজ চণ্ডীদাসের পদ ‘সই, কেবা শুনাইল শ্যাম নাম’, জ্ঞানদাসের পদ ‘রূপ লাগি আঁখি ঝুরে’ ও ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু’, বলরাম দাসের পদ ‘গোঠে আমি যাব মাগো’, যদুর পদ ‘অল্প বয়সে মোর’ এবং অজ্ঞাত বৈষ্ণব পদকর্তা রচিত পদ ‘ওই বেণু বাজে’।
