দোয়েলের ফরাসি অভিষেক
নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’, নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ কিংবা এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতীর কথা’ নয়, দোয়েলের অভিষেক হতে যাচ্ছে তাসমিয়া আফরিন মৌ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’র মাধ্যমে। ফ্রান্সের ৩৪তম ত্যুস ক্যুর চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি।
২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ফ্রান্সের এক্স-ওন-প্রোভঁন্সে অনুষ্ঠিত হবে ত্যুস ক্যুর চলচ্চিত্র উৎসবটি।
“দেখুন আমার শুরুটা খুব বেশিদিন হয়নি। বছর দুয়েক হলো কাজ শুরু করেছি। এর মধ্যেই কয়েকজন গুণী নির্মাতার সঙ্গে কাজের অভিজ্ঞতাও হয়েছে। অপেক্ষা করছিলাম মুক্তির। দর্শক রেসপন্সের জন্য। এর মধ্যে মৌ আপার শর্টফিল্মটির ওয়ার্ল্ড প্রিমিয়ারের খবর শুনে কিছুটা চমকে গেছি।”
তিনি আরও বলেন, “হাজার হাজার ফিল্মের সঙ্গে প্রতিযোগিতা করে এ ফিল্মটি নির্বাচিত হয়েছে ভাবতেই ভালো লাগছে। শুরুতেই ইন্টারন্যাশনাল অডিয়েন্সের সামনে যাচ্ছি, ভালোলাগাটাতো একটু অন্যরকমই।”
চলতি বছরে জমা পড়া আড়াই হাজারেরও বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে নির্বাচক কমিটি ২৬টি দেশের ৮০টি ছবি নির্বাচন করেছেন। এগুলো প্রদর্শিত হবে আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং নিরীক্ষাধর্মী প্রতিযোগিতা বিভাগে। ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ সেগুলোরই একটি।
এরকম একটি চরিত্রে এই সিনেমার অভিনয়ের অভিজ্ঞতা মনে করে দোয়েল বললেন, “মজার বিষয় হচ্ছে এ ছবিতে আমার একদম ডায়ালগ নেই। একটি ডায়ালগ আছে শুধু। পুরো কাজটাই এক্সপ্রেশন নির্ভর কাজ। ক্যারেক্টারটা একজন ফটোগ্রাফারের। স্বামী কবি ছিলেন, মারা যান। আমি কৃতজ্ঞ পরিচালকের কাছে আমাকে এমন একটা চরিত্রে অভিনয়ের সুযোগ দেয়ার জন্য।”
জলে ভাসছেন দোয়েল- এমন একটা দৃশ্য নজর কেড়েছে সবার।
ওই দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে দোয়েল বলেন, “কেন জলে ভাসছিলাম তা মনে পড়ছে না। তবে, আমার জলভীতি আছে। সাঁতার জানতাম না। টিমের সবার সহযোগিতায় দৃশ্যটা করতে পেরেছিলাম। তবে পরে বুঝেছি সাঁতার না শেখা আমার একটা অক্ষমতা। পরে শিখেছি। এখন চাইলেই জলের কাছে যেতে পারি।”
অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও সময় দিচ্ছেন দোয়েল। সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় টাইগার সিমেন্টের একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। এছাড়া নোমান রবিনের পরিচালনায় পুলিশদের ওপর নির্মিত একটি গানের মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন তিনি।
