২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিয়াটলে সম্মানিত হবেন ফারুকী

আমেরিকার সিয়াটলে শুক্রবার (১৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে সাউথ এশিয়ান ফিল্ম ফ্যাস্টিভাল। উৎসবের পর্দা উঠতে যাচ্ছে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজী’ সিনেমাটি দিয়ে। তবে, চমকটা হচ্ছে সাউথ এশিয়ান চলচ্চিত্রে অবদানের জন্য এ উৎসবে তাসভির এমারেলড অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উৎসবে ২০ অক্টোবর এ নির্মাতার ‘পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রটিও প্রদর্শীত হবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 03:53 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

শুক্রবার সকালে নিজের সম্মাননা প্রাপ্তির খবর জানিয়ে অভিভূত ফারুকী বলেন, “এ সম্মাননা নিঃসন্দেহে আমি এখন পর্যন্ত যা করেছি তার স্বীকৃতি নয়, আমার ভবিষ্যত চলচ্চিত্র যাত্রাকে অনুপ্রাণিত করতেই এটি দেয়া হচ্ছে বলে মনে করি। আরও বহুদূর পথ পাড়ি দিতে হবে। সাউথ এশিয়ার এ বড় চলচ্চিত্রের আসরকে স্যালুট।”

উৎসবে যোগ দিতে বুসান ফিল্ম ফ্যাস্টিভালের বিচারক ফারুকী খুব শিগগিরই সিয়াটলে পৌঁছাবেন। দশ দিনের এ উৎসবে এবারের শ্লোগান ‘ভালোবাসার জয়’। ২৩ টি পূর্ণদৈর্ঘ্য ও ২২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে এবারের আসরে অংশগ্রন করছে আফগানিস্থান, বাংলাদেশ, ভূটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকা।

এবারের আসরে বাংলাদেশই থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এমনটা জানিয়ে উৎসবের নির্বাহী পরিচালক ও অন্যতম প্রতিষ্ঠাতা রীতা মেহের বলেন, “সাম্প্রতিককালে মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে বাংলাদেশের মানুষের সংগ্রামের প্রেক্ষিতে আমরা মনে করছি, বাংলাদেশের এমন একটা প্লাটফর্ম দরকার যেখানে গতিশীল ও সংবেদনশীল জাতি হিসেবে তারা তাদের ভবিষ্যতের স্বপ্ন ও গল্পগুলো বুনতে পারবে।”

উৎসবটি আয়োজক অলাভজনক শিল্প সংগঠন তাসভির। সংখ্যালঘু নির্যাতন, মানবাধিকার ও সামাজিকন্যায়বিচার ইস্যুত সাম্প্রতিক সময়ের আলোচিত ইস্যুগুলোর উপর আলোকপাত করে আসছেন তারা।