২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সিনেমায় চিরকুট-এর গান

চলচ্চিত্রের গানে ব্যান্ড সংগীতের ব্যবহার- বিশ্বজুড়ে বিষয়টি বিরল হলেও বাংলাদেশি ব্যান্ডদল চিরকুট একের পর এক সিনেমায় প্লেব্যাক করে চলেছে সফলভাবে। এবার মোস্তফা কামাল রাজ-এর নতুন সিনেমা ‘তুমি যে আমার’-এও শোনা যাবে তাদের গান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 01:08 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

শুধু চলচ্চিত্রেই নয়, চিরকুট টিভি নাটকে গান করেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নুরুল আলম আতিক পরিচালিত ‘জাদুর শহর’ গানটি তাদের ক্যারিয়ারে যোগ করেছিল এক নতুন মাত্রা। পরবর্তীতে রেদওয়ান রনি পরিচালিত ‘কিক অফ’ টেলিফিল্মের ‘একটা ছেঁড়া দিন’ও তাদের জনপ্রিয় গানের তালিকায় যুক্ত হয়।

তবে মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ চলচ্চিত্রের ‘কানামাছি’সহ ‘পিঁপড়াবিদ্যা’, ‘আইসক্রিম’ ও অতিসম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘আয়নাবাজি’র জন্য একের পর এক প্লেব্যাক করে আলোচনায় আসে চিরকুট। বিশেষ করে ‘আয়নাবাজি’র ‘দুনিয়া’ গানটি গত কয়েক সপ্তাহ ধরে ফিরছে শ্রোতাদের মুখে মুখে।

সিনেমায় প্লেব্যাকের ক্ষেত্রে গল্প অনুযায়ী নির্মাতার নির্দেশনাতেই গাইতে হয় শিল্পীদের। সেক্ষেত্রে পরিচালকের পছন্দমতো গাইতে গিয়ে  ব্যান্ডের নিজস্বতা ক্ষুন্ন হচ্ছে নাতো?

এ প্রসঙ্গে ব্যান্ডটির ভোকাল সুমী গ্লিটজকে বললেন, “দেখুন আমরা চলচ্চিত্রে গাইলেও আমাদের নিজস্বতা অক্ষুণ্ন রেখেই কিন্তু কাজ করছি। চিরকুট যেমন গায় তেমন গানই চেয়ে নিচ্ছি। শ্রোতারাও তা গ্রহন করছে।”

তিনি আরও বলেন, “চলচ্চিত্রের গানে একটু হলেও আমরা পরিবর্তন আনতে পেরেছি। যারা ভাবে, চিরকুট তো গেলো, তাদের জন্য দু:খ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই। শ্রোতাদের চিরকুটের ওপর ভরসা রাখতে বলবো।”

নিয়মিত অ্যালবামের গান, কনসার্ট এবং আন্তর্জাতিক অঙ্গনে গান করার পাশাপাশি চলচ্চিত্রেও গাইবে চিরকুট; ব্যান্ডের এমন সিদ্ধান্তের কথাই জানালেন সুমী।

সম্প্রতি ‘জালালের গল্প’ চলচ্চিত্রের আবহ সঙ্গীত পরিচালনার জন্য সার্ক ফিল্ম ফেস্টিভালে ‘বেস্ট অরিজিনাল স্কোর’ সম্মাননা পায় চিরকুট।

জানা গেলো, আসছে নভেম্বরেই রবি ইয়ন্ডার থেকে প্রকাশিত হতে যাচ্ছে দলটির নতুন অ্যালবাম। এছাড়া ডেইলি স্টার-স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকের সেলিব্রেটিং লাইফ প্রজেক্টে সম্প্রতি বাংলাদেশের ঐতিহ্য নিয়েও দশটি গান করেছে তারা।

ছবি: চিরকুট ব্যান্ডের ফেইসবুক পেইজ থেকে নেওয়া