জন্মদিনে মৌসুমীর হাতে উড়ো গিফট
অভিনেত্রী মৌসুমী হামিদের জন্য ১২ অক্টোবর- দিনটি বিশেষ। কারণ, এই দিনেই তার জন্ম। শুধু মৌসুমীরই নয়, মেহের আফরোজ শাওন, গীতকার আসিফ ইকবাল, সোহানা সাবা, চিত্রনায়িকা কেয়া, নাদিয়া আফরিন মীম, সংগীতশিল্পী মিঠুন চাকরা, নাট্য নির্দেশক আনন জামান- এর মতো তারকারা। তবে শুটিংস্পটে এক ভক্তের উপহার দিনটিকে সত্যিই অনন্য করে তুলেছে মৌসুমীর।
জন্মদিনেও ছুটি নেই মৌসুমী হামিদের। উত্তরায় শুটিং করছিলেন। হঠাৎ গিফট এসে হাজির। দুবাই থেকে সাব্বির আহমেদ নামে কেউ একজন পাঠিয়েছেন। তাকে চেনেন না মৌসুমী। মোড়ক খুলে দেখেন তুলতুলে একটা পুতুল। অপরিচিত কোন এক ভক্তের এমন গিফট পেয়ে বেশ আনন্দিত মৌসুমী। শ্যুটিংয়ের ফাঁকে লাঞ্চ ব্রেকে ফেসবুক লাইভে এসে জানালেন সে কথা।
সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন মৌসুমী। সব শুভেচ্ছার উত্তরও দেয়া হয়নি।
বললেন, “কাজের চাপে সবার শুভেচ্ছার উত্তর দেয়া হয়নি। চেষ্টা করছি উত্তর দেয়ার। সবাই আমার জন্য দোয়া করবেন।”
শ্যুটিং স্পটে উড়ো গিফট হাতে পেয়েও উচ্ছ্বসিত তিনি। বললেন, কে পাঠিয়েছেন জানিনা। তবে তাকে অনেক থ্যাংকস ও শুভেচ্ছা।
আবু হায়াত মাহমুদের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘বৃষ্টিদের বাড়ি’-তে কাজ শুরু করেছেন মৌসুমী। এ নাটকের শুটিংয়েই জন্মদিন কাটছে তার। জানালেন, শুটিংয়ে তার সহশিল্পী আজ নাঈম ও নাদিয়া।
এ নাটকটি ছাড়াও মৌসুমী হামিদ এই মুহুর্তে ব্যস্ত এনটিভিতে প্রচারিত গোলাম সোহরাব দোদুলের ‘সংসার’ধারাবাহিকটি নিয়ে। সম্প্রতি শেষ করেছেন আলভি আহমেদ পরিচালিত ‘অভয়পুরে ভয়’ শিরোনামের ছয় পর্বের ধারাবাহিক নাটক। বাংলাভিশনে প্রচারিত হচ্ছে সুমন আনোয়ার পরিচালিত ‘স্বর্ণলতা’ অরণ্য আনোয়ারের বহুরূপী ও সুমন আনোয়ারের ‘সিনেমাওয়ালা’ প্রচার হচ্ছে যথাক্রমে আরটিভি ও এনটিভিতে।
লাক্স তারকা মৌসুমী হামিদ টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও সমান ব্যস্ত সময় পার করছেন। ঢাকাই চলচ্চিত্রে আইটেম গানেও দেখা গেছে তাকে সম্প্রতি। এছাড়া, সাম্প্রতিক সময়ে তার অভিনীত ‘জালালের গল্প’ চলচ্চিত্রটিও ব্যাপক প্রশংসিত হয়েছে। খুব শিগগিরই সুমন আনোয়ারের ‘কয়লা’ ছবিতে অভিনয় করার কথা রয়েছে তার।
