‘রায়েস’ থেকে বাদ পড়ছেন মাহিরা?
পাকিস্তানি ফাওয়াদ খানকে বয়কট করা হয়েছে ভারতীয় ইন্ড্রাস্টি থেকে। এবারে কি নিষেধাজ্ঞার খড়গ নেমে আসছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের উপরে?
উরি হামলাকে কেন্দ্র করে পাক-ভারতের রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ভারতীয় ছবি থেকে পাকিস্তানি তারকাদের বাদ দেয়ার জোর দাবি উঠেছিলো ভারতের কট্টরপন্থী রাজনৈতিক দল শিবসেনা ও মহারাষ্ট্র নাভনির্মান সেনা দলের পক্ষ থেকে। সে দাবির ধারাবাহিকতায় বলিউড থেকে একে একে বিদায় নিচ্ছেন পাকিস্তানি তারকারা।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো শাহরুখ খানের বিপরীতে ‘রায়েস’ ছবি থেকে বাদ দেয়া হয়েছে অভিনেত্রী মাহিরা খানকে। ভারতীয় সংবাদ মাধ্যম ডিএনএ জানায়, পরিস্থিতি চাপে বাধ্য হয়েই মাহিরাকে বাদ দেয়ার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ছবির প্রযোজক রিতেশ সিদ্ধওয়ানি। ছবির একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, “উরি হামলার পর পাকিস্তানি তারকাদের নিয়ে কাজ করার মতো অবস্থা ভারতে নেই। প্রায় এক মাস ধরে পাক-বিরোধী আন্দোলনের পরে কোনো পরিচালকই সাহস করবে না পাকিস্তানি তারকাদের তাদের ছবিতে নিতে।”
সম্প্রতি এক টুইট পোস্টে রিতেশ লিখেছেন, “প্রেসার কুকারের বাঁশি বেজে গেছে , এখন আগুন দেয়া বন্ধ করো।” যদিও পোস্টে নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি তিনি। তবে ধারণা করা হচ্ছে পাকিস্তানি তারকোদের বিপক্ষে আন্দোলনকারীদের প্রতি উদ্দেশ্য করেই এ কথা বলেছেন তিনি।
‘রায়েস’ ছবি থেকে মাহিরাকে বাদ দেয়ার বিষয়টি এখন সময়ের ব্যাপার বলেই মনে করছেন সবাই। এ ব্যাপারে এখনো পর্য্ন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া না গেলেও অচিরেই তা জানা যাবে বলেই ধারণা করা হচ্ছে।
শাহরুখ খান অভিনীত ‘রায়েস’ মুক্তি পাবে জানুয়ারির ২৬ তারিখে। হৃত্বিক রোশান এর ‘কাবিল’ এর সাথে একই দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে এ ছবিটির।
