‘বাবার হাত ধরে পূজার মণ্ডপে ঘুরতাম’
দুর্গাপূজা মানেই মণ্ডপে মণ্ডপে যত মজার কীর্তি। পূজা নিয়ে মজার স্মৃতি নেই- এমন বাঙালি খুঁজে পাওয়াটাই ভার। গ্লিটজের সঙ্গে তারকা হওয়ার আগে ও পরে এমনই কিছু মজার স্মৃতির কথা শোনালেন উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস।
তিনি বলেন, “ছোটবেলায় পূজায় নতুন জামা কাপড় পরতাম। সপ্তমী, অষ্টমী, নবমী-এই তিনদিন নিরামিষ খেতাম। আর এতেই আমার মেজাজ সবচেয়ে বেশি গরম হতো। কারণ ঈদে আমার বন্ধুরা পোলাও মাংস খায়, আর আমরা পূজায় খাই শুধু নিরামিষ! পোলাও মাংস কবে খাব এটাই ভাবতাম। তবে দশমীতে ভালো খাওয়া দাওয়া হতো।”
দুর্গাপূজা মানেই তো বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে যাওয়া। ছোটবেলায় প্রতিমা দেখতে যাওয়ার গল্পও শুনালেন দেবাশীষ।
তিনি বলেন, “পুরান ঢাকার শ্যামবাজারে আমার নানা বাড়ি হওয়ার সুবাদে সেখানে আমাদের যত আত্মীয়-স্বজন রয়েছে তাদের মধ্য থেকে পঞ্চাশ-ষাটজন একসঙ্গে হয়ে দলবেধে আমরা বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে যেতাম। তবে ছোটবেলায় বেশিরভাগ পূজাতেই বাবার হাত ধরেই আমার ঘুরে বেড়ানো হয়েছে। আর দশমীর দিনে সবাইকে প্রণাম করে প্রণামী নিতাম। সেই প্রণামী দিয়ে পরে বই কিনতাম।”
দুর্গাপূজার মায়ের চরণে অঞ্জলি দিতে গিয়ে পাড়ার সুন্দরীদের সঙ্গে দুষ্টছেলেদের দুষ্টুমির ঘটনা খুবই সাধারণ ঘটনা।
এমন ঘটনা তার জীবনেও ঘটেছে কিনা জানতে চাইলে দেবাশীষ বিশ্বাস হেসে বলেন, “আমি যে দুষ্টুমি করিনি, মোটেও তেমনটি নয়। এই ধরনের দুষ্টুমির জন্য একটি র্নিদিষ্ট বয়স লাগে। অষ্টম বা নবম শ্রেণিতে পড়ার আগে আমি আসলেই সুন্দরী মেয়েদের সঙ্গে দুষ্টুমির বিষয়গুলো বুঝতামই না। সত্যিই ছোটবেলায় এমন কিছুই করিনি।”
তবে তারকাখ্যাতি পাওয়ার পর থেকেই দৃশ্যপট পাল্টে গেছে বলে জানান তিনি।
“যখন থেকে সবাই আমাকে চেনা শুরু করলো, তখন থেকে আমি সুন্দরীদের সঙ্গে বেশি ফ্লার্ট করেছি। তখন সুন্দরী মেয়েরা আমার দিকে আরও বেশি করে তাকাতো। আসলে বড় হওয়ার পরে পূজায় সুন্দরীদের সঙ্গে প্রচুর ফ্লার্ট করেছি, এখনও করি।”
পূজা নিয়ে মজার সব গল্পের পর একটি বেদনাদায়ক ঘটনারও স্মৃতিচারণ করলেন ঢাকাই সিনেমার এই নির্মাতা।
তিনি বলেন, “আমি বাংলাদেশে টানা তিনবার দুর্গাপূজার আরতি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। সেই সময় সম্ভবত আমি নবম শ্রেণিতে পড়ি, সেবারের পূজায় আরতি প্রতিযোগিতায় ফাইনালের সময় আমার প্রতিপক্ষ তার মুখে কামড়ে ধরা ধুপ ও আগুনসহ নারিকেলে ছোবা আমার শরীরে ফেলে দিয়েছিল। শারীরিকভাবে আহত তো হয়েছিলাম বটেই, এখনও স্মৃতিটা আমাকে পোড়ায়।”
এবারের দুর্গাপূজা উপভোগের জন্য নাকি কাজটাকে একটু ছুটি দিতে চান দেবাশীষ।
গ্লিটজকে তিনি বলেন,“ একটি বেসরকারী টেলিভিশনে একটি অনুষ্ঠান করবো, যেমনটি সব সময় করে থাকি। বাকী সব কাজকে এবার ছুটি দিবো। আগে আমি যেমন আমার বাবার হাত ধরে পূজায় ঘুরতাম, তেমনি এবার আমার ছেলে আমার হাত ধরে পূজার মণ্ডপে ঘুরে বেড়াবে। এটাই আমার কাছে আনন্দের বিষয়।”
