২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স অফিসেও ছক্কা হাঁকালো ‘ধোনি’

খেলার মাঠে তাকে মারকুটে রূপে দেখা গেছে বহুবার। ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তৈরি বায়োপিক ‘ এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ এবার কাঁপিয়ে দিল বক্স অফিসও। শুক্রবার মুক্তি পেয়েই সুশান্ত সিং রাজপুত অভিনীত সিনেমাটি আয় করে নিয়েছে সাড়ে ২১ কোটি রুপি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2016, 05:22 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এর মাধ্যমে চলতি বছরের দ্বিতীয় সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি।

বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে নিশ্চিত করেছেন সিনেমাটির আয়ের খবরাখবর।

তিনি লিখেছেন, “‘এমএস ধোনি-দা আনটোল্ড স্টোরি’ প্রথম দিনে ঝড়ো সূচনা করেছে। ২১.৩০  কোটি রুপি আয় করে বছরের দ্বিতীয় সেরা উদ্বোধনী আয়ের সিনেমাও হয়েছে। প্রথম দিনের হিসাবে বায়োপিক ঘরানায় এটি সর্বোচ্চ আয়ের সিনেমা। শনিবার এবং রবিবারের আয় দারুণ একটি অঙ্কে পৌঁছে দেবে সিনেমাটিকে।”

তিন হাজারেরও বেশি হলে মুক্তি পাওয়া সিনেমাটি সপ্তাহ জুড়েই বক্স অফিসে রাজত্ব করবে বলেই ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।

সিনেমাটির এই উড়ন্ত সূচনার পেছনে ভারত অধিনায়কের জনপ্রিয়তা একটি বড় কারণ হিসেবে কাজ করছে। বিশেষ করে দক্ষিণে ধোনির বিরাট ভক্তকূল সিনেমাটির আয় বাড়াতে সাহায্য করছে বলে জানা গেছে। চেন্নাইয়ের ভেত্তেরি সিনেমাহলে সকাল ৮ টায় দেখানো শুরু হয় সিনেমাটি, যা এতদিন তামিল সুপারস্টারদের ক্ষেত্রেই কেবল হত।

চেন্নাইজুড়ে এখন সিনেমাটিকে ঘিরে চলছে ধোনি-উন্মাদনা।

সিনেমাটি পরিচালনা করেছেন নিরাজ পান্ডে। সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।