২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে ‘পিঙ্ক’, পিছিয়ে ‘রাজ রিবুট’

চলতি সপ্তাহে মুক্তি পাওয়া দুই হিন্দি সিনেমার বক্স অফিস লড়াইটা বেশ জমবে বলে মনে হলেও, দ্বিতীয় দিনের আয়েই অমিতাভ বচ্চন অভিনীত ‘পিঙ্ক’-এর চেয়ে পিছিয়ে পড়েছে এমরান হাশমির ‘রাজ রিবুট’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 04:33 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

শুক্রবার মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘পিঙ্ক’ ও ভিক্রাম ভাটের ‘রাজ: রিবুট’ এ ছবি দু’টি। প্রথম দুই দিনের আয়ের হিসাবে এগিয়ে আছে অমিতাভ অভিনীত নারীবাদী ছবি ‘পিঙ্ক’। অন্যদিকে ভৌতিক ঘরানার জনপ্রিয় ‘রাজ’ সিরিজের ৪র্থ পর্ব ‘রাজ: রিবুট’-এর আয় দ্বিতীয় দিনেই কমতে শুরু করেছে।

বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ-এর টুইটার পোস্ট থেকে জানা যায়, মুক্তির দিন প্রায় ৪ কোটি ৩২ লাখ রুপির ব্যবসা করে ‘পিঙ্ক’। শনিমবারের আয়ের পরিমাণ ৭ কোটি ৬৫ লাখ রুপি, যা প্রথম দিনের আয়ের প্রায় দ্বিগুণ।

অন্যদিকে ‘রাজ: রিবুট’ এর প্রথম দিনের আয়ের অঙ্কটা ছিল ৬ কোটি ৩০ লাখ রুপি, যা ‘পিঙ্ক’-এর চেয়ে প্রায় ২ কোটি রুপি বেশি। কিন্তু আয়ের এ ধারা অব্যহত রাখতে পারেনি ‘রাজ: রিবুট’। দ্বিতীয় দিনেই আয়ের পরিমাণ কমে ঠেকেছে ৫ কোটি ৪৯ লাখ রুপিতে।

ইন্ডিয়া টুডে এর এক প্রতিবেদন বলছে, সুন্দর গল্প ও ভালো নির্মাণ শৈলী এবং অমিতাভের নারীবাদী প্রচারণা ‘পিঙ্ক’-এর জন্য বেশ কাজে লেগেছে। নাতনীদের উদ্দেশে অমিতাভ বচ্চনের লেখা খোলা চিঠির বিষয়বস্তুর সঙ্গে ‘পিঙ্ক’-এর গল্পে বেশ মিল রয়েছে, আর এটিই ‘পিঙ্ক’-এর ব্যাবসায়িক সাফল্যে কাজে দিয়েছে।

অন্যদিকে দুর্বল চিত্রনাট্য, নিম্মমানের গ্রাফিক্স এবং একই কাহিনীর পুনরাবৃত্তির জন্য ‘রাজ: রিবুটে’ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শক।

তারান আদার্শ বলছেন, অমিতাভ বচ্চন, তাপসি পান্নু অভিনীত ‘পিঙ্ক’-এর আয় সপ্তাহ না পেরুতেই ২০ কোটি ছাড়িয়ে যাবে। ইমরান হাসমি, কৃতি খারবান্দা ও গাউরাভ আরোরা অভিনীত ‘রাজ: রিবুট’-এর ভাগ্যে জুটতে যাচ্ছে ফ্লপ ছবির তকমা- এ মুহূর্তে এমনটাই ধারণা বক্স অফিস বিশেষজ্ঞদের।

‘পিঙ্ক’ ছবির গল্প আবর্তিত হয়েছে একজন ধর্ষিতা নারীর আদালতে হেনস্থার শিকার হওয়াকে কেন্দ্র করে, যেখানে একজন পেশাদার চতুর আইনজীবী চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন অমিতাভ বচ্চন।

অন্যদিকে ‘রাজ: রিবুট’ এর কাহিনী আবর্তিত হয়েছে বিদেশে একটি রহস্যময় ভুতুড়ে বাড়িকে ঘিরে।