মদ্যপানে আসক্ত রানবির!
জীবনের গোপন সমস্যার কথা সাধারণ মানুষেরাই প্রকাশ্যে আনতে চান না; সেখানে বিনোদন জগতের তারকারা এসব নিয়ে লুকোচুরি খেলবেনই। কিন্তু রানবির কাপুর প্রমাণ করলেন, তিনি ব্যতিক্রম। বলিউডি এই তারকা নিজেই জানিয়েছেন, তিনি মদ্যপানে আসক্ত।
ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যার জন্য ফটোশুট করেছেন রানবির। তাদেরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের নানান দিক তুলে ধরেন রানবির। মদ্যপানে আসক্ত হয়ে যাবারব্যাপারটিও উঠে আসে ওই সাক্ষাৎকারে।
সাক্ষাৎকারের এক পর্যায়ে রানবির বলেন, “এটা বিনোদনের জগৎ, এখানে নিজের দেখভাল নিজেকেই করতে হয়। আমি নিজের পরিবারেই এটা দেখেছি। আমি দেখেছি কিভাবে তা ভুল পথে পরিচালিত করে। আমার পানাসক্তির বিষয়ে তাই আমি সচেতন। যখন আমি শুটিংয়ের কাজে ব্যস্ত থাকি, তখন মদ্যপান করি না। কিন্তু যখন আমার শুটিং থাকেনা, তখন আবার আমার আসক্তি বেড়ে যায়।”
কাপুরপুত্রের কাছের মানুষেরা বলছেন, সাবেক প্রেমিকা ক্যাটরিনার সাথে বিচ্ছেদের পরেই এই আসক্তিটা নাকি বেড়ে গেছে রানবিরের। অনুরাগ বসুর পরবর্তী সিনেমা ‘জাগ্গা জাসুস’-এ দেখা একসঙ্গে দেখা যাবে দু’জনকে।
এখন অবশ্য কারান জোহারের ‘অ্যায় দিল হ্যায়মুশকিল’ নিয়েই ব্যস্ত আছেন রানবির। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। সিনেমাটিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমে মজতে দেখা যাবে রানবিরকে। সঙ্গে আরও রয়েছেন আনুশকা শর্মা ও ফাওয়াদ খান।
এর আগে, রানবিরের মতো বলিউডের বেশকিছু তারকা নিজেদের জীবনের গোপন সত্যটি তুলে ধরেছেন সবার সামনে। দিপিকা পাড়ুকোন বলেছিলেন তিনি বিষণ্ণতায় ভুগছেন, কাঙ্গানা রানাউতের ভাষ্যমতে তিনি ছিলেন পরিবারের অনাকাঙ্খিত সন্তান। কাল্কি কোচলিন জানিয়েছেন ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি।
