২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অভিনয়ে পুনরাবৃত্তি করতে চাই না’

শুরুটা হয়েছিল একটি সুন্দরী প্রতিযোগীতায় সেরার মুকুট জয়ের মাধ্যমে। কুসুম শিকদার এরপর টিভি নাটকে অভিনয় দিয়ে হয়েছেন চেনা মুখ। একাধিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন প্রধান নারী চরিত্রে। নানা ক্ষেত্রে নিজের প্রতিভার ছাপ রাখতে আগ্রহী কুসুমের কলমে বের হয়েছে কবিতার বই; গানের জগতেও গড়েছেন পরিচিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 03:11 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

সম্প্রতি অভিনয় শুরু করেছেন নতুন একটি ধারাবাহিকে। চলতি বছরে মুক্তি পাওয়া ‘শঙ্খচিল’ সিনেমাতে অভিনয় দিয়ে হয়েছেন আলোচিত। গ্লিটজ-এর সঙ্গে অন্তরঙ্গ আলাপচারিতায় উঠে এলো এই সময়ের কুসুমের হালচাল।

গ্লিটজ: ‘আস্থা’ নাটকে আপনার অভিনীত চরিত্রে সম্পর্কে শুনতে চাই। 

কুসুম শিকদার: নাটকে আমি শায়না নামের একজন বিবাহিতা নারী চরিত্রে অভিনয় করছি। আমার স্বামীর চরিত্রে অভিনয় করছেন সাজু খাদেম। নাটকে শায়না মেয়েটি তার স্বামীকে খুশি রাখার জন্য সবসময় নিজের জীবনের ছোটবড় ইচ্ছেগুলোকে বিসর্জন দেয়। শুধু তাই নয় শ্বশুরবাড়ির মানুষেরা যেন সবসময় খুশি থাকে, সেই বিষয়টাও সে সবসময় খেয়াল রাখে। 

গ্লিটজ: ‘শায়না’ চরিত্রে নতুন কি থকছে?

কুসুম শিকদার:‘আস্থা’ নাটকের শায়না চরিত্রকে একটা গতানুগতিক চরিত্র বলা যেতে পারে। আবার বলা যেতে পারে এই শায়না চরিত্রে ভ্যারিয়েশনও আছে। তবে এটা দেখার জন্য দর্শকদের নাটকটি দেখতে হবে। 

গ্লিটজ: সিনেমায় প্রত্যেকবার নিজেকে আপনি নতুন রূপে উপস্থাপন করছেন। বিষয়টি কি পরিকল্পিত নাকি কাকতালীয়? 

কুসুম শিকদার: এখনও পর‌্যন্ত ‘গহীনে শব্দ;’, ‘লালটিপ’ ও ‘শঙ্খচিল’ এই তিনটি সিনেমাতে অভিনয় করেছি। আমি মোটেও এটা বলবো না যে, আমি ইচ্ছে করেই তিনটি সিনেমায়তিনটি ভিন্ন অবতারে উপস্থিত হয়েছি। এই তিনটি সিনেমায় গল্পের চাহিদা অনুযায়ীই আমি একেবারেই আলাদাভাবে নিজেকে উপস্থাপনের সুযোগ পেয়েছি।  

অবশ্য এখানে আমার ইচ্ছাও খানিকটা কাজ করেছে। ‘লালটিপ’ সিনেমাটি মুক্তির পরে সেই একই ধরনের চরিত্রে অভিনয়ের অনেক প্রস্তাব পেয়েছি। একই ঘটনা ‘গহীনের শব্দ’ সিনেমার পরেও ঘটেছে। বারবার একই ধরণের চরিত্রে অভিনয় করতে চাইনি বলৈ, সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।

যেহেতু কিছুদিন আগে আমার ‘শঙ্খচিল’ সিনেমাটি মুক্তি পেয়েছ, হয়ত আগামীতেও একই ঘটনা ঘটবে। তবে আমি অভিনয়ের ক্ষেত্রে পুনরাবৃত্তি করতে চাই না।

গ্লিটজ: একইভাবে টিভি নাটকের অভিনয়ের ক্ষেত্রে নিজেকে ভেঙে ফেলার সুযোগ কি আদৌ পাচ্ছেন? 

কুসুম শিকদার: সিনেমার ক্ষেত্রে পুরো আয়োজনের ব্যপ্তি অনেক বড় থাকে। বেশ সময় নিয়ে, চিন্তাভাবনা করে ও প্রস্তুতি নিয়ে কাজ করা যায়। কিন্তু নাটকের ক্ষেত্রে আমাদের কাজে এতো বেশি সীমাবদ্ধতা ও সময়ের অভাব থাকে, যে কারনে অল্প সংখ্যক নাটক কিংবা টেলিফিল্ম ছাড়া অভিনয়ের ক্ষেত্রে নিজেকে ভেঙে নতুন রূপে উপস্থিত হওয়ার সুযোগ পাওয়া যায় না।

বেশিরভাগ নাটকগুলোর ক্ষেত্রে র্নিমাতারা নাটকের গল্প এমনভাবে নির্বাচন করেন যেখানে সময়ের অভাবে নিজেকে ভেঙে ফেলার কোনো সুযোগ থাকে না।

গ্লিটজ: একারণেই কি নাটকে আপনার উপস্থিতি খুবই কম? 

কুসুম শিকদার: আসলে নাটক, টেলিফিল্ম ও সিনেমার মধ্যে আমি কোন পার্থক্য খুঁজে পাই না। কারন নাটক, টেলিফিল্ম ও সিনেমার তিন জায়গাতে অভিনয়ই করতে হয়।

ক্যারিয়্যারের শুরু থেকে আমি খুব কম কাজ করি। আমার যারা সমসাময়িক তাদের তুলনায় আমার কাজের সংখ্যা খুবই কম।

আসলে আমি খুবই মুডি। ফলে অনেক সময় দেখা যায় একটি ভালো গল্পে কাজের প্রস্তাবও আমি গ্রহণ করি না। আবার অনেক সময় গল্প ভালো হলেও ইউনিট পছন্দ হচ্ছে না বলেও কাজ ফিরিয়ে দেই। অনেক ক্ষেত্রে গল্প মোটামুটি হলেও ইউনিট ভালো হলে সেই কাজ করি।

আসলে আমার কাছে গল্পটাই মূখ্য নয়, আমি যার সঙ্গেই কাজ করি তার সঙ্গে আমার কাজের ক্ষেত্রে বোঝাপড়ার জায়গাটা ভালো থাকতে হবে। একারণেই শুরু থেকেই আমি খুব বেছে বেছে কাজ করি।

গ্লিটজ: গানের অ্যালবাম পাবো কবে? 

কুসুম শিকদার: নতুন কোন গানের অ্যালবাম কবে নাগাদ আমার শ্রোতারা পাচ্ছে তা এখুনি নিশ্চিত করে কিছু বলতে পারছি না। এখন কাজের এতোই চাপ, মনে হয়না অ্যালবামের জন্য রেকডিংয়ের সময় বের করতে পারবো। 

গ্লিটজ: কবিতার বই আসছে নিশ্চয়ই?

কুসুম শিকদার: ২০১৭ সালের বই মেলায় আমার লেখা কোন কবিতার বই না পেলেও আমার পাঠকদের জন্য একটি বই তো অবশ্যই থাকবে। হয়ত এবার ছোট গল্পের বই হওয়ার সম্ভাবনা রয়েছে।