শোক দিবসে ছোট পর্দার আয়োজন
জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন চ্যানেল আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। এর মধ্যে রয়েছে টেলিফিল্ম, টক শো, গানের অনুষ্ঠান ও স্মৃতিচারণাসহ নানা আয়োজন।
চ্যানেল আইয়ে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম স্মৃতির মিনার। এটি রচনা ও পরিচালনা করেছেন রানা মাসুদ। এতে অভিনয় করেছেন ইনামুল হক, ওমর আয়াজ, শামীমা তুষ্টি, এম এ আলম সোহাগ ও শিশুশিল্পী তূর্ণ। এই চ্যানেলে দুপুর ১২টা ৫ মিনিটে দেখানো হবে ‘শোকের কবিতা’ নামে শোক দিবসের বিশেষ অনুষ্ঠান।
শোক দিবস উপলক্ষে এটিএন বাংলার অনুষ্ঠানমালায় থাকছে দিনভর নানা ধরনের অনুষ্ঠান। এর মধ্যে বিশেষ স্মৃতিচারণা অনুষ্ঠান ‘উদিত সূর্য বঙ্গবন্ধু’ দেখানো হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। এতে স্মৃতিচারণা করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নাট্যব্যক্তিত্ব আলী যাকের, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা কবরী ও অভিনেত্রী শমী কায়সার।
একই চ্যানেলে রাত ১০টা ৫৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘না ভোলা প্রহর’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কবি আসাদ চৌধুরী। এতে সংগীত পরিবেশন করেছেন সুবীর নন্দী ও তিমির নন্দী।
মাছরাঙা টেলিভিশনও দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে পালন করবে জাতীয় শোক দিবস। এ আয়োজনের মধ্যে একটি অনুষ্ঠানের নাম ‘বঙ্গবন্ধুকে নিয়ে’। সুজেয় শ্যামের উপস্থাপনায় এ সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন অপু ও নির্ঝর। বৈশাখী টিভিতে রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে শোক দিবসের বিশেষ অনুষ্ঠান ‘স্বদেশের বুকজুড়ে জনকের মুখ’। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন কবি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হয়েছে বাংলা ছায়াছবি ‘সিপাহী’। রাত আটটায় থাকছে বিশেষ অনুষ্ঠান ‘ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি’। এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করবেন বীর প্রতিক গোলাম দস্তগীর কাজী, ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। এ অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করবেন কবি নির্মলেন্দু গুন। কবিতার শিরোনাম ‘আমি মুজিবের কথা বলবো’।
রাত ৯টা ১৫ মিনিটে থাকছে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘বাংলাদেশ ও বাংলাদেশ’। বঙ্গবন্ধুর বনাঢ্য জীবন তুলে ধরা হবে এ অনুষ্ঠানের মাধ্যমে। রাত ১১টায় প্রচারিত হবে তথ্যচিত্র ‘দ্য স্টোরি অব লিজেন্ড’। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও ১৫ আগস্ট নিয়ে নির্মিত হয়েছে এ তথ্যচিত্রটি। এতে কন্ঠদান ও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ।
দেশ টিভির অনুষ্ঠানমালাতেও থাকছে শোক দিবস ঘিরে বিশেষ আয়োজন। এ আয়োজনের মধ্যে রয়েছে বিকেল পাঁচটায় বিশেষ টক শো ‘বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ প্রতিরোধ’।
বাংলাভিশন শোক দিবস উপলক্ষে বিকেল ৫টা ২৫ মিনিটে বাচিকশিল্পী শিমুল মুস্তাফার উপস্থাপনায় প্রচার করবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’। দিনটি উপলক্ষে দীপ্ত টিভি প্রচার করবে প্রামাণ্যচিত্র ‘পিতার নিবাস’।
