‘ম্যাজিক বাউলিয়ানা’র নিবন্ধন শুরু
বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৬’।
দেশেরতরুণ প্রজন্মকে বাংলা লোকগানের চিরন্তন আবেদনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দ্বিতীয়বারের মতো স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ‘ম্যাজিক’ এবং মাছরাঙা টেলিভিশন এ উদ্যোগ নিয়েছে।
সোমবার থেকে শুরু হয়েছে প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম। অনলাইন এবং ফোন কলের মাধ্যমেও নিবন্ধন করা যাবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।
এবারের আসরে প্রধান তিন বিচারক হিসেবে থাকছেন ফরিদা পারভীন, ইন্দ্রমোহন রাজবংশী ও শফি মন্ডল।
প্রতিযোগিতাটি নিয়ে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ বলেন, “লোকসঙ্গীত আমাদের জন্য এক বিশাল রত্ন ভান্ডার। কিন্তু চর্চা এবং পৃষ্ঠপোষকতার অভাবে এটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যাচ্ছে না।
“এই আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্নভাবে ছড়িয়ে থাকা প্রতিভা খুঁজে পাওয়া যাবে। যারা বাউল গান ও লোকসংগীতকে সমৃদ্ধ করবে।”
বিভিন্ন চ্যানেলে প্রতিভা অন্বেষণ কার্যক্রম বা রিয়ালিটি শো থেকে ‘ম্যাজিক বাউলিয়ানা’ একেবারেই ‘ভিন্নধর্মী’ একটি কার্যক্রম বলে উল্লেখ করেন তিনি।
মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, এ প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশের যেকোনো নাগরিক এতে অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য ফোন নম্বর হচ্ছে ০৮০০০৮৮৮০০০। আর অনলাইন নিবন্ধন করা যাবে প্রতিযোগিতার ওয়েবসাইটে- www.magicbauliana.com|
পুরো বাংলাদেশকে প্রতিযোগিতার ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এই সময়ের বেশ ক’জন খ্যাতিমান বাউল শিল্পী এই ১০টি অঞ্চল থেকে ৪০ জন শিল্পীকে প্রাথমিকভাবে নির্বাচন করবেন। এরপর গ্রুমিং সেশন শেষে এই ৪০ জনকে নিয়ে শুরু হবে স্টুডিও রাউন্ড।
