নিরাপত্তা কড়াকড়ির মধ্যে জমজমাট সংস্কৃতি অঙ্গন
জঙ্গি হামলার প্রেক্ষাপটে ঢাকার সংস্কৃতি অঙ্গন ঢেকে গেছে নিরাপত্তা বলয়ে। সংস্কৃতির প্রতিটি অঙ্গনে ঢুকতে গেলেই পেরোতে হচ্ছে একাধিক নিরাপত্তাচৌকি। এমন কড়াকড়ি আর নানা বিধিনিষেধ আরোপের পর থেমে নেই সাংস্কৃতিক কর্মকাণ্ড।
আলোকচিত্র-চিত্রকর্ম- ভাস্কর্য ও পোশাক প্রদর্শনী, চলচ্চিত্র বিষয়ক প্রদর্শনী-অনুষ্ঠান-সেমিনার সংগীত-নৃত্য ও আবৃত্তির আসর, মঞ্চনাটক—নানা আয়োজনে মুখর সংস্কৃতি অঙ্গন। সংস্কৃতির নানা কলায়, নানা আঙ্গিকে কলাকুশলী ও দর্শকদের কণ্ঠে-মানবতার জয়গান ও অসুরবিনাশী সুর। জঙ্গিবাদের বিরুদ্ধে একাট্টা হয়ে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয়।
এমনই কিছু সাংস্কৃতিক আয়োজনে রোববার মুখর ছিল রাজধানী ঢাকা।
‘স্টপ সুইসাইড’-এর প্রিমিয়ার শো
‘আর একটিও আত্মহত্যা নয়। বাংলাদেশ থেকে আর একটিও সম্ভাবনা হারিয়ে না যাক’- এমন প্রত্যাশা নিয়ে নির্মাণ করা হয়েছে আত্মহত্যাবিরোধী সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্টপ সুইসাইড’। নাট্যকার আসাদ সরকার নির্মাণ করেছেন চলচ্চিত্রটি। রোববার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়। এর আগে প্রদর্শনীর উদ্ধোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, “হত্যা ও আত্মহত্যা উভয়ই মহাপাপ। জঙ্গিরাও এ দুই অপরাধের আশ্রয় নেয়। এ ধরনের ধ্বংসাত্মক প্রবণতা অবশ্যই বন্ধ হওয়া প্রয়োজন।”
আত্মহত্যা প্রতিরোধে ব্যাপক জনমত গড়ে তোলার জন্য সরকারের পাশাপাশি কবি, সাহিত্যিক, চলচ্চিত্রকার, শিল্পীদের বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী।
আসাদ সরকার জানান, ঢাকার প্রিমিয়ার শো-এর পর সারা দেশের ৬৪ জেলায় একটি আত্মহত্যাবিরোধী সচেতনতামূলক সেমিনারের মাধ্যমে পর্যায়ক্রমে চলচ্চিত্রটি দেখানো হবে।
জাদুঘরে চলছে ‘ফ্যাশন কনসেপ্ট এক্সিবিশন’
জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে শুরু হয়েছে ‘ফ্যাশন কনসেপ্ট এক্সিবিশন’ শীর্ষক প্রদর্শনী। নবীন উদ্যোক্তাদের নিয়ে এই প্রদর্শনীর আয়োজক এসএমই ফাউন্ডেশন।
তারা জানিয়েছে, নবীন উদ্যোক্তাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছিল তারা। সেই কর্মশালায় নির্বাচিত ৪১ জন উদ্যোক্তার নির্মিত পোশাক নিয়ে এ প্রর্দশনী হচ্ছে।
জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
উদ্বোধক আমির হোসেন আমু জানান, নারীর ক্ষমতায়ন বর্তমান সরকারের ‘রাজনৈতিক অঙ্গীকার’। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে ‘বিশেষ গুরুত্ব’ দিচ্ছে সরকার।
দেশীয় কাপড় ও উপকরণে কৃষ্টি ও সংস্কৃতির সংযোগে বিচিত্র বিষয় ও রংয়ের প্রয়োগে ৩৫টি ধারণার ভিত্তিতে পোশাকগুলো তৈরি করেছেন নবীন উদ্যোক্তারা। প্রদর্শনীর পোশাকগুলো নানা স্তরে-নানা বিন্যাসে সাজানো হয়েছে। আছে বিশেষ দিবস, পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে ঋতুভিত্তিক পোশাক।
মীরা মণ্ডলের ‘অনেক কথা বলেছিলাম’ অ্যালবাম প্রকাশ
নবীন শিল্পী মীরা মন্ডল; ভালোবাসেন রবীন্দ্রনাথের গান। তার গাওয়া রবীন্দ্রসংগীত নিয়ে জি সিরিজের ব্যানারে প্রকাশিত হল তার প্রথম একক অ্যালবাম ‘অনেক কথা বলেছিলাম’।
রোববার বিকালে রাজধানীর বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রিতে জনাকীর্ণ আয়োজনে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ, আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
আনিসুজ্জামান বলেন, “মীরার গানগুলো শোনার সুযোগ হয়েছে আমার। অকপটে স্বীকার করতে চাই, গানগুলো ভালো লেগেছে। আমার বিশ্বাস এই অ্যালবাম বিস্তার লাভ করবে ও সবার ভালো লাগবে।”
‘আনিকার জন্যে কবিতা’
১০ বছর আগে নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আনিকা। এক দশক পার হলেও প্রিয় কন্যার স্মৃতি ভুলতে পারেননি বাবা আতিকুর রহমান সালু। আদরের কন্যা আনিকার মৃত্যুতে বেদনাহত বাবা সালু সম্প্রতি একটি কাব্যগ্রন্থ রচনা করেছেন মেয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে। ৪২টি কবিতা দিয়ে সাজানো হয়েছে কাব্যগ্রন্থ ‘আনিকার জন্যে কবিতা’।
রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জ কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। লেখা প্রকাশ থেকে প্রকাশিত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
তিনিবলেন, “কাব্যগ্রন্থটিতে এক সন্তানের জন্য এক বাবার বেদনা স্পষ্ট হয়ে উঠেছে।”
