২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান’র চূড়ান্ত প্রতিযোগিতা শুক্রবার

সেরা সাত প্রতিযোগীকে নিয়ে শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আইয়ের লোক সঙ্গীতশিল্পী অন্বেষণমূলক রিয়েলিটি শো ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান -২০১৫’ এর চূড়ান্ত প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 12:39 AM

Updated : 20 Aug 2022, 01:14 PM

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গাইবেন তারা।

সাত প্রতিযোগীর মধ্যে তিনজনই এসেছেন ফরিদপুর থেকে। তারা হলেন- মোহাম্মদ খায়রুল ইসলাম, মোহাম্মদ নাজমুল হাসান ও মোহাম্মদ বিল্লাল হোসেন।

অন্যদের মধ্যে আছেন- চাঁপাইনবাবগঞ্জের অনন্যা ইয়াসমিন অংকন, চট্টগ্রামের ইলমা বিনতে বখতেয়ার, রাজশাহী আল-আমিন আলী এবং ময়মনসিংহের শারমীন।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নকে দেওয়া হবে নগদ ১০ লাখ টাকা। প্রথম রানারআপ পাবেন ৫ লাখ টাকা ও দ্বিতীয় রানারআপ ৩ লাখ টাকা। এছাড়া থাকবে আরও অনেক  উপহার।

এতে প্রধান দুই বিচারক হিসেবে থাকবেন বরেণ্য কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবে লোকশিল্পী মমতাজ।

চ্যানেল আই কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।

প্রতিযোগিতার বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, “লোকগানের একগুচ্ছ কণ্ঠশিল্পী পেতে যাচ্ছে বাংলাদেশ। তাদের কণ্ঠে রয়েছে প্রাণস্পর্শী গায়কী। প্রাণ পাবে হারিয়ে যাওয়া মাটির গান।”

আরেক বিচারক আইয়ুব বাচ্চু বলেন, “অবাক করার মতো কণ্ঠ আছে সেরা ৭ প্রতিযোগীর মধ্যে।”

সংবাদ সম্মেলনে আয়োজক কর্তৃপক্ষ জানায়, ক্ষুদে গানরাজের শিল্পীদের একটি বিশেষ পরিবেশনায় অংশ নেবেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। একটি ফোক নৃত্যে অংশ নেবেন চিত্রনায়িকা পূর্ণিমা। উপস্থাপনা করবেন সিজিল মির্জা। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।