বক্স-অফিসে ‘শিকারি’র দাপট
এবারের ঈদে একসঙ্গে মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন তিন সিনেমা- খবর শুনেই নড়েচড়ে বসেছিলেন ঢাকাই সিনেমার দর্শকেরা। উত্তেজনার পারদ চড়ে ছিল আগে থেকেই, এবার বক্স অফিস থেকেও মিলল রেকর্ডভাঙা ব্যবসার খবর। দীর্ঘদিন পর শাকিবের সিনেমা দেখতে দর্শকদের উপচে পড়া ভীড় এবারের ঈদে হাসি ফোটাতে সক্ষম হয়েছে হলমালিকদের মুখে।
গত কয়েক বছর ধরে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় শাকিবের সিনেমার পাল্লাই ছিল ভারী। এবারের ঈদও তার ব্যাতিক্রম না হলেও, সমীকরণ ছিল কিছুটা ভিন্ন। কারণ, প্রথমবারের মতোই মুক্তি পেয়েছে শাকিব অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’। এই সিনেমার প্রতিদ্বন্দ্বী দেশীয় প্রযোজনার ‘সম্রাট’ এবং ‘রানা পাগলা দ্য মেন্টাল’।
তবে বক্স অফিসে যৌথ প্রযোজনার শাকিবের কাছে দেশীয় শাকিব খানের অস্তিত্ব যে প্রায় বিলীনের পথে সেই চিত্রই ফুটে উঠেছে রাজধানীর বিভিন্ন সিনেমার হল ব্যবস্থাপক ও বুকিং এজেন্টদের কথায়।
বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদে সিনেমার ব্যবসা রীতিমত আকাশচুম্বি বলেই দাবি করলেন মধুমিতা সিনেমার হলের ব্যবস্থাপক রেজাউল করিম।
গ্লিটজকে তিনি বলেন, “আমাদের দেশে সিনেমা মুক্তি পায় শুক্রবার। কিন্তু এবারের ঈদ ছিল বৃহস্পতিবার। ফলে একদিন আগেই ‘শিকারি’ সিনেমাটি মুক্তি দিতে পেরেছি। অন্যান্য বারের তুলনায় তাই এবারের ঈদে আমাদের ব্যবসা খুবই ভালো হয়েছে।”
তিনি আরও জানান, “গত ছয় বছরের মধ্যে এবারের ঈদে আমার ব্যবসা খুবই ভালো হয়েছে। বৃহস্পতিবার থেকে বুধবার পযর্ন্ত প্রতিটি শো হাউজফুল হচ্ছে। হলগুলো ছিল কানায় কানায় পূর্ণ। ইভিনিং ও ম্যাটিনি দুটো শোতে দর্শকের জোয়ার সবচেয়ে বেশি। আমাদের টিকেট বিক্রির পরিমান ৯৫ শতাংশ বলা যায়। দ্বিতীয় সপ্তাহেও আমরা এই সিনেমা প্রদর্শন করবো।”
একই ভাবে ব্যবসাসফল সিনেমার তালিকায় ‘শিকারি’কে ঠাঁই দিলেন রাজমণি সিনেমা হলের ব্যবস্থাপক ওয়াহিদ।
গ্লিটজকে তিনি বলেন,“ আমাদের প্রেক্ষাগৃহে মুক্তির দিন থেকেই ‘শিকারি’ হাউজফুল। সপ্তাহে শুক্র ও শনিবার পাঁচটি করে শো থাকলেও যেহেতু বৃহস্পতিবার ঈদ ছিলো সেহেতু আমরা বাড়তি একটি দিন পেয়েছি। মনিং শো থেকে নাইট শো পাঁচটি শো আমাদের হাউজফুল ছিলো টানা তিনদিন। রোববার থেকে বুধবার পযর্ন্ত প্রতিটি শোতে দর্শকের সংখ্যা খুবই ভালো হয়েছে।”
তিনি আরও বলেন, ঈদের সময় কেবল ঢাকার দর্শকরাই সিনেমাটি দেখেছে। ঈদের ছুটি শেষ হওয়ায়, ঢাকার বাইরে যারা ছিলেন, তারাও এখন সিনেমাটি দেখতে আসছেন। ফলে, কাগজে কলমে শেষ হয়ে গেলেও, হলগুলোতে ঈদের আমেজ বজায় আছে এখনও।
‘শিকারি’র দাপুটে অবস্থানের চিত্র ফুটে উঠল শ্যামলী সিনেপ্লেক্সের হাউজ ব্যবস্থাপক হাসানের ভাষ্যেও।
‘শিকারি’র এই সাড়া জাগানো সাফল্যের পেছনে সিনেমাটিতে শাকিব খান-এর ‘নতুন লুক’কে কারণ হিসেবে উল্লেখ করলেন তিনি। সিনেমাটিতে শাকিব-এর অভিনয়ও তার ক্যারিয়ার-সেরা হিসেবে অভিহিত করেন হাসান। এই দুই কারণে দর্শকেরা বারার সিনেমাটি দেখতে আসছে বলেও জানান তিনি।
‘শিকারি’ সিনেমাটি সব শ্রেণির দর্শকের গ্রহণযোগ্যতা পেয়েছে বলেই দাবি করলেন সেনা অডিটোরিয়াম সিনেমা হলের ব্যবস্থাপক মনির হোসেন।
গ্লিটজকে তিনি বলেন, “শাকিব খানের সিনেমায় শাকিবের এমন লুক এর আগে দর্শকেরা কখনোই দেখেনি। এবার সকল শ্রেণির দর্শকরা এই সিনেমা দেখতে এসেছেন। আমাদের চলচ্চিত্র প্রযোজকদের উচিত এমন ভালো সিনেমা আরো বেশি করে নির্মাণ করা। তাহলে আবারও আমাদের সিনেমা হলের ব্যবসায় সুদিন ফিরে আসবে।”
তবে যৌথ প্রযোজনার দাপটে ‘রানা পাগলা দ্য মেন্টাল’-এর অবস্থা বেশি সুবিধার নয় বলেই জানালেন পুরান ঢাকার চম্পাকলি সিনেমা হলের ব্যবস্থাপক মোহাম্মাদ আবুল কালাম।
গ্লিটজকে তিনি বলেন, “যৌথ প্রযোজনার সিনেমা ‘বাদশা’র বিক্রি সব জায়গায় ভালো যাচ্ছে। অনেক আগে থেকেই ‘রানা পাগলা দ্য মেন্টাল’ সিনেমার বুকিং থাকায় আমরা শাকিব খানের এই সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শন করছি। আমাদের ধারণা ছিল এই সিনেমাটা ভালো যাবে কিন্তু অন্যান্য বছরের ঈদের সিনেমার তুলনায় বিক্রি ভালো হয়নি। ঈদের দিন সবগুলো শো হাউজফুল গেলেও শুক্রবারের পর থেকে টিকেট বিক্রি কমে যাওয়া শুরু করে।”
অবশ্য ‘রানা পাগলা দ্য মেন্টাল’ ভিন্ন মতই প্রকাশ করলেন জোনাকি সিনেমা হলের ব্যবস্থাপক আনোয়ার। তার ভাষ্যে, শুধু শাকিব খানের সিনেমা হওয়ার কারণেই, সিনেমাটিকে দর্শক গ্রহণ করেছে। তিনি আশা করছেন, পরের সপ্তাহে সিনেমাটির বিক্রি আরও বাড়বে।
‘রানা পাগলা দ্য মেন্টাল’-এর মতো ‘সম্রাট’ সিনেমাটিও তার দাপুটে অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছে বলেই জানালেন, অভিসার সিনেমার বুকিং এজেন্ট আনোয়ার হোসেন।
তিনি আরও বলেন, “বলতে গেলে কলকাতার র্নিমাতাদের নতুন লুকের শাকিবের কাছে আমাদের দেশীয় শাকিব খান হেরে গেছেন। ‘সম্রাট’ সিনেমায় নতুনত্ব তেমন কিছুই নেই। সিনেমার দৈর্ঘ্য দুই ঘন্টা। তাই, হলে আসা দর্শকেরা সিনেমা শেষে অনেকটা হতাশ হয়েই বাড়ি ফিরে যাচ্ছে।”
একইভাবে ‘সম্রাট’-এর হেরে যাওয়ার গল্প শোনালেন রাজিয়া সিনেমা হলের ব্যবস্থাপকও।
তিনি বলেন, “ ‘সম্রাট’ সিনেমাটি বিক্রিতে বাজিমাত করতে পুরোপুরি ব্যর্থ। বৃহস্পতিবার সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের পরে আজ পযর্ন্ত শুধু তিনটি শো হাউজফুল হয়েছে। ফলে অন্যান্য ঈদের তুলনায় এবারের ঈদে বিক্রি তেমন ভালো হয়নি।”
ঈদে সারাদেশে ১৯৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রানা পাগল’ দ্য মেন্টাল সিনেমাটি। আর ৯৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘শিকারি’ ও ৭৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সম্রাট’।
জয়দেব মুখার্জি ও জাকির হোসেন সীমান্তের যৌথ পরিচালনার ‘শিকারি’ সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন টালিগঞ্জের তারকা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মোস্তফা কামাল রাজ-এর ‘সম্রাট’ সিনেমায় শাকিব-এর বিপরীতে ছিলেন অপু বিশ্বাস। ওদিকে শামিম আহমেদ রনির ‘রানা পাগলা দ্য মেন্টাল’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব-এর সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত ইমরোজ তিশা।
