‘আমিই রাজা, আমি সব পারি!’
বলিউডের ‘বাদশাহ’ ধরা হয় তাকেই। এবার শাহরুখ খান নিজেই বললেন, তিনি হিন্দি সিনেজগতের রাজা। তিনি চাইলে সব ধরনের কাজই করতে পারেন।
হাফিংটোন পোস্টকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ব্যক্তি জীবন, পর্দায় তুলে ধরা অসংখ্য চরিত্র, প্রযোজনা সংস্থা ইত্যাদি ব্যাপারে কথা বলেন শাহরুখ
হিন্দি সিনেমায় শাহরুখের অভিনয় জীবন পার করলো ২৫ বছর। এই ব্যাপারে বলেন, “আমার জীবনের অর্ধেকটা আমি সিনেমার জগতকে দিয়েছি। এই ব্যাপারে আমি যথেষ্ট আনন্দিত। ক্যারিয়ারের শুরুতে সিনেমা করার পিছনে লক্ষ্য ছিল একরকম। বয়সের সাথে সাথে তা পরিবর্তন হয়েছে। কিন্তু সিনেমার নেশা এখনো আগের মতোই রয়েছে।”
চলতি বছরের মাঝামাঝি সময়ে তার সর্বশেষ সিনেমা ‘ফ্যান’ মুক্তি পায়। অভিনেতা হিসাবে শাহরুখ সমালোচকদের প্রশংসা কুড়ালেও সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি খুব একটা।
এব্যাপারে তিনি বলেন, “আমি, মানিশ শর্মা (পরিচালক), আদিত্য চোপড়া(প্রযোজক) সবাই জানতাম যে এটি ব্যবাসাসফল হবেনা। এখানে গান, নায়িকা নেই।এটি কোনও উৎসবের সময়েও মুক্তি দেয়া হয়নি। কিন্তু সিনেমাটিতে কিছু ভুল ছিল এটি আমরা বুঝতে পারছি। তবুও ‘ফ্যান’ আমার হৃদয়য়ের অনেক কাছে থাকবে।”
গত কয়েক বছরে ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘দিলওয়ালে’ ‘চেন্নাই এক্সপ্রেস’ এর মতো বাণিজ্যিক সিনেমা করে সমালোচনার শিকার হয়েছেন কিং খান। কিন্তু এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি সিনেমা করতে ভালোবাসি।গত চব্বিশ বছরে অনেক ধরনের সিনেমাই করেছি। কিছু সাফল্য পেয়েছে,কিছু পায়নি। এটি একজন অভিনেতার জীবনের অংশ।”
নিজের পছন্দের সিনেমা নিয়েও কথা বলেন শাহরুখ।
“আমি নিজে যেরকম সিনেমা পছন্দ করি তা হয়তো সবসময় করা হয়ে ওঠেনা। নিজেকে বারবার ভেঙ্গেচুরে প্রমাণের ইচ্ছেও হয় প্রচণ্ড। ‘চাক দে ইন্দিয়া’র মতো সিনেমা বারবার করতে চাই। নিজেকে পরীক্ষা করতে চাই। আমি শাহরুখ খান, আমিই বলিউডের রাজা। আমি সব করতে পারি। আমি ‘কাভি হা কাভি না’ করতে পারি, ‘স্বদেশ’ করতে পারি, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ করতে পারি, ‘কাভি খুশি কাভি গাম’ করতে পারি। প্রেমিক হতে পারি, ‘অশোকা’র রাজা হতে পারি, ‘ডন’-এর মাফিয়াও হতে পারি।”
নিজের ক্যারিয়ারে দর্শকদের অফুরন্ত ভালোবাসায় সিক্ত হওয়া এই সুপারস্টারকে যখন জিজ্ঞাসা করা হয় যে, যদি তার বাড়ির সামনে ভক্তদের আগমন বন্ধ হয়ে যায়, তখন কেমন লাগবে? এরকম কি আদৌ কখনও হবে?
এর উত্তরে তিনি হেসে বলেন, “হা পারে। কিন্তু... এখানে একটা বড় কিন্তু আছে!!যতদিন ভারতে সিনেমা বানানো হবে ততদিন আমার বাড়ির সামনে দর্শকের ভিড় থাকবে। কারন ততদিন শাহরুখ খানের সিনেমা সবাই দেখবে।”
বলিউডে হঠাৎ করেই সেন্সর বোর্ডের কাটছাঁট করার প্রবণতা বেড়ে গেছে। এই ব্যাপারটায় শাহরুখ তীব্রভাবে প্রতিবাদ জানান।আর একই সময়ে দুটি বড় সিনেমা মুক্তি দেয়ার ব্যাপারেও তিনি নারাজ। কারন পুরো ভারতে মাত্র ৩৫০০টি স্ক্রিন রয়েছে। নিজেদের মাঝে প্রতিযোগিতা করতে গিয়ে দর্শক, হল মালিকদের লোকসানে ফেলার পক্ষপাতি তিনি নন।
রুপালি জগতের তারকা দম্পতিদের সম্পর্কের ভাঙ্গাগড়ার খেলায় শাহরুখ-গৌরি জুটি একেবারেই ভিন্ন। দীর্ঘ দুই যুগের মতো তাদের বিবাহ বন্ধন অটুট আছে। সন্তান সন্ততি নিয়ে সুখেই জীবনযাপন করছেন বাদশাহ।
আগামী বছর ‘রাইস’ সিনেমার মাধ্যমে পর্দা কাঁপাবেন এই তারকা। ‘ফ্যান’-এর বক্স অফিসের হতাশা এই সিনেমার মাধ্যমে কাটিয়ে উঠবেন শাহরুখ,এটাই সবার প্রত্যাশা।
