২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মায়ের হাতের পেঁয়াজুর তুলনাই হয়না’

শৈশব থেকেই দারুণ আগ্রহ নিয়ে রোজা রেখে আসছেন জাকিয়া বারী মম। ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত এই অভিনেত্রীর কাছে রোজা মানেই মায়ের হাতের মজাদার পেঁয়াজু।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 06:14 PM

Updated : 12 Apr 2022, 02:17 AM

মায়ের প্রশংসায় পঞ্চমুখ মম বলেন, “আমার মা খুব ভালো পেঁয়াজু তৈরি করেন। তার পিয়াজুর তুলনাই হয় না। এই পেঁয়াজু ছাড়া ইফতারের কোন মানেই নেই আমার কাছে।”

তিনি আরও বলেন, “ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদের বাসায় প্রতি রমজানে সেই মা এই পেঁয়াজু তৈরি করেন। এখনও সেই পেঁয়াজু আমার খাবারের তালিকায় অন্যতম প্রধান আর্কষন।”

আজকের ব্যস্ত মম’র অবশ্য বাড়িতে নয়, ইফতার সারতে হয় শুটিং ইউনিটের সঙ্গেই।

তিনি বলেন,“ সারাদিন রোজা রেখে কাজ করে ইফতারের সময় আমার শুটিং ইউনিটের সবাইকে নিয়েই এখনকার ইফতার হয়। তাছাড়া আমাদের শুটিং ইউনিটও একটা পরিবার। কাজ করতে গিয়ে ইউনিটের লোকজনেই পরিবার হয়ে যায়।”

এবারের রমজানে এখনও নাকি একবারও মায়ের হাতের সেই পেঁয়াজু চেখে দেখা হয়নি মম’র। 

তিনি বলেন,“ এই বছর এখনও পযর্ন্ত কাজের ব্যস্ততার কারনে একদিনও আমার পরিবারের সাথে ইফতার করা হয়নি। পরিবারের সঙ্গে ইফতার করাটা মিস করেনা এমন লোক আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। পরিবারের সাথে ইফতার করা হয় না...ভীষন মিস করি মায়ের পেঁয়াজু!”

ছোটবেলায় রোজা রাখার ইচ্ছে থাকলেও ‘বড়দের মতো করে রোজা’ রাখতে পারতেন না মম। মা আদর করে ঠিকই খাইয়ে দিতেন দুপুরের খাবার।

তিনি বলেন,“ ছোটবেলায় আমি সবসময় রোজা রাখার চেষ্টা করতাম। তবে যখনই আমি আর রোজা রাখতে পারতাম না তখনই আম্মু বলতো তুমিতো ছোট, তাই এখন খেয়ে ফেলো। তোমার আরেকটা রোজা হবে!”

তবে রোজা রেখে লুকিয়ে নাকি কখনোই কিছু খাননি তিনি।

শৈশবের রোজার স্মৃতিচারন করতে গিয়ে তিনি হেসে বলেন, “এখনতো দিনে একবার রোজা হয়। কিন্তু ছোটবেলায় দিনে তিনবার খেয়ে রোজা হতো। তবে ছোটবেলায় কাউকে না বলে কিংবা লুকিয়ে কখনোই কিছু খাইনি। কারন আমার সবসময় মনে হত আমি যাই করি না কেন, যাই কিছু খেতে চাই না কেন আমার আল্লাহ সব কিছু দেখছেন!”

২০০৬ সালে একটি সুন্দরী প্রতিয়োগীতার মাধ্যমে ক্যারিয়্যার শুরু করলেও খ্যাতির আলোয় মম আসেন তৌকির আহমেদের ‘দারুচিনি দ্বীপ’-এ অভিনয় করে। এই সিনেমাই ৩২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান এনে দেয় তাকে।

পরবর্তীতে ২০১৪ সালের ‘প্রেম করবো তোমার সাথে’ ও ২০১৫ সালের ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় অভিনয় করেন মম। ‘ছুঁয়ে দিলে মন’ ব্যাবসায়িকভাবেও হয় দারুণ সফল। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ।

চলতি বছরে এখনও পর‌্যন্ত বড় পর্দায় দেখা না গেলেও আসছে ঈদে ছোটপর্দাজুড়ে দেখা যাবে মমকে। এরমধ্যেই শেষ করেছেন হুমায়ূন আহমেদ-এর গল্পে ‘এসো’ নাটকের রিমেইকের কাজ। এছাড়াও তাকে দেখা যাবে ‘এক্স ফ্যাক্টর: গেইম ওভার’ এবং ‘রূপকথা এখন আর হয়না’ নামের নাটকদুটিতে। প্রথমটিতে তার সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। পরের নাটকে তার বিপরীতে দেখা যাবে সংগীতশিল্পী তাহসান খানকে।

পুরনো খবর:

শাওনের নির্মাণে এবার হুমায়ূনের ‘এসো’