ভৌতিক সিনেমা দেখে বৃদ্ধের মৃত্যু!
সদ্যমুক্তি পাওয়া ভৌতিক সিনেমা ‘দ্য কনজুরিং টু’ দেখে মৃত্যু ঘটেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের। ভারতের তামিলনাড়ু প্রদেশের কাদাপা জেলায় ঘটেছে এই দুর্ঘটনা।
'দ্য কনজুরিং টু' মুক্তির আগে প্রচারণার সময়ই নির্মাতারা সতর্ক করেছিলেন, সিনেমাটি একা না দেখবার জন্য। কারণ, সিনেমার ভৌতিক আবহ যেকোন মানুষকেই তাড়িয়ে বেড়াবে। সেই সতর্ক বার্তা কাকতালীয় ভাবেই হয়ে গেছে সত্যি; অন্ধ্রপ্রদেশের সিনেমা হলভর্তি দর্শকের সামনেই মৃত্যু ঘটেছে এই ব্যক্তির।
হিন্দুস্তান টাইমস বলছে, শুক্রবার মুক্তির পর বন্ধুকে তামিল ভাষায় ডাব করা সিনেমাটি দেখতে গিয়েছিলেন ওই ব্যাক্তি। সিনেমা চলার সময়ই তিনি হল কর্তৃপক্ষকে জানান তার অস্থিরতার কথা। এর সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়েন তিনি, জানিয়েছে পুলিশ।
পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
ডাক্তারদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সিনেমায় ভীতিকর দৃশ্য দেখে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়াটাই মূলত প্রবীণ ব্যাক্তির মৃত্যুর কারণ। অবশ্য আগে থেকে হৃদযন্ত্রে দুর্বলতা ছিল তার।
মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনরূপ মামলা করা হয়নি। শেষকৃত্যের জন্য মরদেহ পরবর্তীতে অন্ধ্রপ্রদেশে নিয়ে আসা হয়।
ভৌতিক সিনেমা শুরু হবার আগেই শুরুতে বার্তা থাকে, “দুর্বল হৃদয়ের মানুষদের জন্য সিনেমাটি নয়।” ‘দ্য কনজুরিং টু’ও এর ব্যাতিক্রম সছিল না। এর আগেও অন্যতম সাড়া জাগানো ভৌতিক সিনেমা ‘দ্য এক্সরসিস্ট’ দেখে ভয়ে মারা গিয়েছিলেন এক দর্শক।
২০১৩ সালের সিনেমা ‘দ্য কনজুরিং’-এর সিকুয়াল হল ‘দ্য কনজুরিং টু’। বিশ্বব্যাপি সিনেমাটি মুক্তি পায় ১০ জুন। এর মধ্যেই আন্তর্জাতিকভাবে সিনেমাটি আয় করে নিয়েছে ১০ কোটি ডলারেরও বেশি। সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছে সিনেমাটি।
বাংলাদেশে ‘দ্য কনজুরিং টু’ ১৭ জুন থেকে চলছে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে।
