২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গাড়ির হর্নকে ইফতারের সাইরেন ভেবেছিলাম’

খুব ছোটবেলা থেকে নিয়মিত রোজা রাখেন, তবে এখনও রোজার মাস এলে স্কুল জীবনের কিছু ঘটনার স্মৃতিচারণ করে একলাই হেসে উঠেন জনপ্রিয় গায়ক মিনার রহমান। অবশ্য একটি ঘটনা আছে, যা ভাবলে এখনও খুবই আফসোস লাগে তার। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 08:19 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

সেই ঘটনার কথা মনে করতে গিয়ে হেসে গ্লিটজকে মিনার বলেন, ‘সেই দিন রোজা রেখে সারাদিন আমি বেশ ছটফট করছিলাম, ইফতারের জন্য প্রতিমুহূর্ত চলছিল অপেক্ষা। সম্ভবত ইফতারের কিছুক্ষণ আগে আমাদের বাসার সামনে দিয়ে একটি গাড়ি যাচ্ছিল, গাড়ির হর্ন শুনে আমি ভেবে বসি রোজা ভাঙ্গার সাইরেনের শব্দ। তাই খুশি হয়ে আর দেরি না করে শুরু করে দেই ইফতার। যদিও তখন ইফতারের আযান দেয়নি, কিন্তু সেদিন আযানের আগেই আমি ইফতার করে ফেলেছি!’

‘যখনই রোজার মাসে ইফতারের সময় সেই ঘটনাটি মনে পড়ে তখন খুবই হাসি পায়। তবে এখনও সেই রোজাটি ভেঙ্গে ফেলার জন্য খুবই আফসোস হয়।’ বলেন মিনার।

আরও জানালেন, রোজার ভাঙ্গার পাশাপাশি শুধু পানি পান করেও নাকি রোজা রেখেছিলেন কয়েকবার।  

তিনি বলেন, ‘রমজান মাসে আমি সবসময়ই রোজা রাখি। সেহেরির সময় ঘুম না ভাঙ্গায় এমনও হয়েছে যে শেষ মূহুর্তে ঘুম থেকে জেগে শুধু পানি পান করেই রোজা রেখেছি। আসলে রমজান মাসকে ঘিরে ছোটবেলার এমন অনেক ছোট ছোট মজার ঘটনা আছে। মাঝে মধ্যে হঠাৎ যখন মনে পড়ে তখন আমি একলাই হেসে উঠি।’

মিনারের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল অনেক আগেই। কার্টুনের পাতা ছেড়ে গিটার হাতে গানের ভুবনে প্রবেশ ২০০৮ সালে ‘ডানপিটে’ অ্যালবামের মাধ্যমে। ২০১১ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘আড়ি’। তবে ‘ডানপিটে’অ্যালবামের ‘সাদা’ গানটির পর ২০১৫ সালের একক অ্যালবাম ‘আহা রে’ দিয়ে নতুন করে আলোচনায় আসেন মিনার।

সম্প্রতি তিনি গেয়েছেন পরিচালক রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমার ‘পথ’ গানটি। গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন তিনি নিজেই। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘ঝুম’, যা এরইমধ্যে সাড়া ফেলেছে।