২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একমঞ্চে সৌরভ-জয়া

সাবেক ভারতীয় ক্রিকেটার সৌর‌ভ গাঙ্গুলির সঞ্চালনায় কুইজভিত্তিক অনুষ্ঠান ‘দাদাগিরি আনলিমিটেড’-এ এবার দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকে। প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হবেন এই ‘গেরিলা’ তারকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 06:00 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় প্রচারিত ‘দাদাগিরি আনলিমিটেড’-এর বিশেষ পর্বে এর আগে অতিথি হিসেবে বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছিলেন সংগীত শিল্পী রুনা লায়লা।

অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারে গ্লিটজকে জয়া আহসান বলেন, “আজকের পর্বে আমি সারপ্রাইজ ভিজিটে যাচ্ছি…সারপ্রাইজ গেস্ট হিসেবে। অতিথি হিসেবে যেহেতু গিয়েছি সেক্ষেত্রে দর্শকদের জন্য একটা চমক তো আছেই। দর্শকেরা আজকের পর্বটা দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন।”

জয়া এই মুহূর্তে ব্যস্ত আছেন নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমার কাজে। সিনেমাটির শুটিং চলছে সিরাজগঞ্জে।

এবারের ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহর’, সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। কলকাতা থেকে সম্প্রতি তিনি শেষ করে এসেছেন ‘আমি জয় চ্যাটার্জি’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে আছেন আবীর চ্যাটার্জি।

২০০৯ সালে ১২ অক্টোবর শুরু হয় জি বাংলায় প্রচারিত ‘দাদাগিরি আনলিমিটেড’ অনুষ্ঠানটি। বর্তমানে চলছে অনুষ্ঠানটির পঞ্চম মৌসুম। বাংলাদেশ সময় রাত দশটায় জি বাংলায় প্রচারিত হবে আজকের পর্বটি।