কেমন আছেন নুসরাত ফারিয়া?
লন্ডন থেকে বাবা যাদবের ‘বাদশা’ সিনেমার কাজ শেষে দেশে ফিরেই ধরেছিলেন ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার কাজ। কিন্তু বাদ সাধলো অসুস্থতা। বান্দরবানে শুটিংয়ের মধ্যেই অসুস্থ হয়ে ঢাকায় ফিরতে হলো নুসরাত ফারিয়াকে।
জুনের প্রথম সপ্তাহ থেকেই বান্দরবনের বিভিন্ন যায়গায় শুরু হয় ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার কাজ। সবকিছু চলছিল ভালোই, কিন্তু হঠাৎ করেই রক্ত চাপ কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন হালের এই আলোচিত নায়িকা।
প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার রাতেই ঢাকায় ফিরে আসেন ফারিয়া। এখনো নাকি তার শরীরের অবস্থা ভালো নেই।
এ প্রসঙ্গে গ্লিটজকে ফারিয়া বলেন, “আমি এখনো অসুস্থ। আমি বিশ্রামে রয়েছি। গত পাঁচ দিন ধরেই আমার রক্তচাপ খুবই কম। তা কোনভাবেই স্বাভাবিক হচ্ছে না।”
তিনি আরও বলেন, “তাছাড়া আড়াই মাস ধরেই শুটিংয়ের সুবাদে আমি অনেক বেশি ট্রাভেল করেছি। আসলে আমার একটু বিশ্রামের প্রয়োজন ছিলো। কিন্তু এরমধ্যে আবার আরেকটা সিনেমার কাজ পড়ে গেল!”
শুটিং-এর সময় অসুস্থ হয়ে পড়লে ঢাকায় আসার পর ফারিয়াকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে এক রাত কাটানোর পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়ি ফিরেছেন তিনি। তবে পুরোপুরি সুস্থ হতে আরও সাতদিন বিশ্রামে থাকতে হবে তাকে।
“এখন আমি আমার বাসাতেই আছি। যদি আমি এরমধ্যে সুস্থ হয়ে উঠি, তাহলে সম্ভবত ১৯ কিংবা ২০ জুন থেকেই ‘প্রেমী ও প্রেমী’র কাজে অংশ গ্রহন করতে পারবো।”
যৌথ প্রযোজনায় র্নিমিতব্য ‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি প্রযোজনা করছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। জাকির হোসেন রাজুর পরিচালনায় সিনেমায় ফারিয়ার বিপরীতে কাজ করছেন আরেফিন শুভ।
এছাড়াও মুক্তির মিছিলে রয়েছে তার বাবা যাদবের ‘বাদশা’ সিনেমাটি। যেখানে তিনি জুটি বেধেছেন কলকাতার নায়ক জিতের সঙ্গে।
এ পযর্ন্ত নুসরাত ফারিয়া অভিনীত দুটো সিনেমা মুক্তি পেয়েছে। যেগুলো হলো আব্দুল আজিজ ও অশোক পাতির ‘আশিকী’ এবং সুজিত মন্ডল ও সৈকত নাসিরের ‘হিরো ৪২০’।
