শেষ হচ্ছে ‘দিয়া অউর বাতি হাম’?
ভিন্নধর্মী গল্প এবং শক্তিশালী অভিনয়ের জন্য অনেকদিন ধরেই জনপ্রিয়তার তুঙ্গে ছিল ভারতীয় হিন্দি সিরিয়াল ‘দিয়া অউর বাতি হাম’। তবে সাম্প্রতিক সময়ে ভাটা পড়েছে এর জনপ্রিয়তায়।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের ভারতীয় সংস্করণ বলছে, ২০১১ থেকে শুরু হওয়া এই সিরিয়ালটি দীর্ঘদিন ধরে শীর্ষে অবস্থান করছিল। কিন্তু গত কয়েক মাস ধরে নেমে আসে এর টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট), ফলে এখন আর কাহিনী টেনে নিতে চাচ্ছেন না নির্মাতারা।
টিআরপি ছাড়াও নির্মাতাদের জন্য আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সিরিয়ালের নায়ক-নায়িকা দিপিকা সিং (সান্ধ্যা) এবং আনাস রশিদের (সুরাজ) মধ্যেকার রেষারেষি। একসঙ্গে অভিনয় করলেও দীর্ঘদিন ধরেই তারা পর্দার বাইরে একে অপরের মুখ দেখতে পারেন না।
আনাসের অসঙ্গত ব্যবহারের কারণে ২০১৫ সালে তাকে চড় মেরে শিরোনামে এসেছিলেন দিপিকা, যা শেষ পর্যন্ত ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস এসোসিয়েশন’এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মীমাংসা করা হয়।
সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া বলছে, ‘দিয়া অউর বাতি’র জায়গা এখন দখল করতে পারে পরিচালক মহেশ ভাটের জীবনের উপর নির্মিত একটি অনুষ্ঠান।
অবশ্য এই খবরকে গুঞ্জন হিসেবেই উড়িয়ে দিয়েছেন ‘দিয়া অউর বাতি’র প্রযোজক শশি মিত্তাল। তার ভাষ্যে, এখনও এক নম্বর আসন আছে ‘দিয়া অউর বাতি’র দখলে, দিপিকা এবং আনাসের মধ্যেও চলছে না কোন রেষারেষি।
“আমাদের দলটি হল পরিবারের মত। এখানে কারও সঙ্গে কারও রেষারেষি নেই। আমাদের শো শেষ হচ্ছে এই গুঞ্জন তো গত এক বছর থেকেই শুনছি। টিআরপি রেটিংয়ে উঠানামা করলেও সেরা দশে এখনও আছে‘দিয়া অউর বাতি হাম’। চ্যানেলের কাছ থেকে আমরা এখনও বন্ধ হয়ে যাওয়ার মত কোন খবর পাইনি।”বলেন তিনি।
