‘পুরুষরাও লিঙ্গ বৈষম্যের শিকার’
হলিউডে নারীদের প্রতি বিরূপ দৃষ্টিভঙ্গি নিয়ে সাম্প্রতিক সময়ে চর্চা হচ্ছে বেশ। কিন্তু ব্রিটিশ অভিনেতা কিট হ্যারিংটনের মতে, লিঙ্গ বৈষম্য শুধু নারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়।
যুক্তরাজ্যের ডেইলি মেইল বলছে, রূপালি জগতে আসার পর থেকেই সবসময় নিজের চেহারা এবং রূপ নিয়ে নানা ধরণের প্রশ্ন শুনতে হয়েছে এই ‘গেইম অফ থ্রোন্স’ তারকাকে।
এব্যাপারে তিনি বলেন, “লিঙ্গ বৈষম্যের শিকার পুরুষদেরও হতে হয়। আমাদের ইন্ডাস্ট্রিতে অবশ্যই এই সমস্যা আছে, এই সমস্যার মুখোমুখি যেমনটা হন নারীরা, তেমনই পুরুষরাও।”
এই সমস্যায় বারবার আক্রান্ত হলে অভিনয় ছেড়ে দেওয়ার চিন্তাও করছেন বলে জানালেন হ্যারিংটন।
কোন নতুন কাজের অডিশনের সময়, বরাবরই নারী অভিনেত্রীদের দৈহিক সৌন্দর্যের এক অপমানজনক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। জন স্নোর মতে, এই সমস্যার ভুক্তভোগী অভিনেতারাও। তিনি অভিযোগ করেন, সুন্দর চেহারার কারণে তার অভিনয় প্রতিভাকে কেউ গুরুত্ব দেয় না।
