লতা মুঙ্গেশকার-শচিন টেন্ডুলকারকে নিয়ে বিদ্রূপ করে বিপাকে কৌতুকাভিনেতা
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর এবং ক্রিকেটার শচিন টেন্ডুলকারকে নিয়ে এক বিদ্রূপাত্মক ভিডিও বানিয়ে এবার ফেঁসে গেছেন কৌতুকাভিনেতা তন্ময় ভাট। ইউটিউবের জনপ্রিয় এই তারকাকে এখন শূলে চড়ানোর দাবী করছে গোটা ভারত।
সম্প্রতি নির্মিত লতা এবং শচিনকে নিয়ে একটি ভিডিও নির্মাণ করেন এআইবি নামের একটি কৌতুকাভিনেতাদের সংগঠনের অন্যতম সদস্য তন্ময়। এতে 'ফেইস সোয়াপ' করে লতা এবং শচিনের ছবি অদলবদল করা হয়। ৮৬ বছর বয়সে এসেও কেন লতা এখনও মারা যাচ্ছেন না, শচিনের চেয়ে ভালো ক্রিকেটার হলেন ভিরাট কোহলি--এমন অনেক কথা বলা হয় ভিডিওটিতে।
ভারতের দুজন বর্ষীয়ান তারকাকে নিয়ে এই ধরণের বিদ্রূপ ভালোভাবে গ্রহণ করেনি কেউই। কৌতুকের নামে তন্ময় নিজের 'সীমা ছাড়িয়ে গেছেন' বলে দাবী করছেন বেশীরভাগ মানুষ। ধীরে ধীরে তন্ময়ের সমালোচনায় মুখর হয়েছে পুরো ভারতের শিল্পী জগত, এদিকে তাকে গ্রেফতার করার জোর দাবী জানিয়েছে রাজনৈতিক সংগঠনগুলো।
অভিনেতা অনুপম খের টুইট করেন, “আমি ৯ বার সেরা কৌতুকাভিনেতার পুরষ্কার পেয়েছি, লোক হাসাতে জানি ভালই। তবে এটা কোন কৌতুক নয়।”
টুইটারে তন্ময়ের সমালোচনায় মুখর হয়েছিলেন রিতেশ দেশমুখ, সেলিনা জেটলির মত তারকারাও।
সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “এর চেয়ে নিম্ন রুচির আর কিছুই হতে পারে না। এ ধরণের কাজ যারা করে, তাদের উচিৎ মস্তিষ্ক পরীক্ষা করিয়ে নেয়া অথবা পাগলাগারদে ভর্তি হয়ে যাওয়া।”
তবে নিজের সহকর্মীদের সঙ্গে একমত হতে পারছেন না অভিনেত্রী সোনাম কাপুর। তার ভাষ্যে, তন্ময়কে ভুল বোঝা হচ্ছে। এটি লোক হাসানোর একটি কায়দা ছাড়া আর কিছুই নয়।
তিনি টুইট করেন, “প্রিয় তন্ময় ভাট, তোমার একজন বন্ধু হিসেবে আমি জানি তুমি কখনও কাউকে আঘাত করার জন্য কিছু করবে না। শুধু মানুষকে হাসানোই ছিল তোমার উদ্দেশ্য।”
তার মতে, তন্ময়ের কৌতুক নিয়ে চর্চা করার চেয়েও গুরুত্বপূর্ণ খবর আছ দেশে।
তিনি আরও লেখেন, “শচিন এবং লতা হলেন জীবন্ত কিংবদন্তি। আমি নিশ্চিত তারা জানেও না পুরো ঘটনাটা কী, তাদের এসব দিকে তাকানোর সময় নেই। শুধু শুধু ঘৃণা ছড়ানো বন্ধ করুন।”
সোনামের কথাকেই সত্য প্রমাণ করলেন লতা। যখন তাকে জিজ্ঞেস করা হয় এ প্রসঙ্গে, তিনি পাল্টা প্রশ্ন করে বসেন, “ তন্ময় ভাট কে?”
বলিউড লাইফকে লতা বলেন, “আমি এমন কোন ভিডিও দেখিনি, দেখার ইচ্ছাও নেই। তাছাড়া আমি আসলে জানি না তন্ময় ভাট কে।”
'অল ইন্ডিয়া বাকচোদ' (এআইবি) নামের এক ইউটিউব চ্যানেলের মাধ্যমে বছর খানেক ধরে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তন্ময় ভাট। বিদ্রূপাত্মক ভিডিও নির্মাণের জন্যে যেমন হয়েছেন বিতর্কিত, তেমনই সমাদৃত। রাজনীতিবিদ থেকে শুরু করে বলিউড তারকা--কেউই বাদ যাননি তাদের বিদ্রূপ থেকে।
