২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানবিরকে নিয়ে কি বললেন ক্যাট?

চলতি বছরের জানুয়ারিতেই সম্পর্কের ইতি টেনেছেন হিন্দি সিনেজগতের তারকাজুটি রানবির কাপুর এবং ক্যাটরিনা কাইফ। তবে এতোটা দিন গণমাধ্যমের সামনে নিশ্চুপ ছিলেন দুজনই। এবার মুখ খুললেন ক্যাট নিজে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 04:31 PM

Updated : 12 Apr 2022, 02:10 AM

সম্প্রতি ভোগ ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে প্রথমবারের মত বিচ্ছেদ নিয়ে কথা বলেন ক্যাট। তিনি জানান, ব্যক্তিগত জীবনের ব্যাপারে সবাইকে কৈফিয়ত দেয়া তার ধাতে নেই। এ ব্যাপারে অনেকটাই রক্ষণশীল তিনি।

“মানুষ সবসময় সবকিছু বলে ফেলে, কিন্তু আমার মধ্যে ব্যাপারটি এতো সহজে আসে না। আমার মনে হয় একবার বলা শুরু করলে আমাকে সবসময় শুধু কৈফিয়তই দিয়ে যেতে হবে।” বলেন ক্যাট।

শুটিংয়ের সেটেই রানবিরের সঙ্গে পরিচয় হয়েছিল ক্যাটের, ২০০৯ সালে। এরপর থেকে পুরো ৬ বছর প্রেম করেন দুজন, ২০১৪ সাল থেকে বসবাস করছিলেন এক ছাদের নিচে। শোনা যায়, বিয়ের প্রতি রানবিরের অনীহাই ছিল বিচ্ছেদের কারণ।

দীর্ঘ সময় রানবিরের সঙ্গে প্রেম করার পর বিচ্ছেদ মেনে নেয়া এতোটা সহজ ছিল না ক্যাটের জন্য। তার মতে, বলিউড ভালোবাসা খুঁজে নেয়ার জায়গা নয়।

ক্যাট বলেন, “আমার মনে হয়, আমি এখন আর মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারি না। কারণ আমি খুব সহজেই তাদের ভালবেসে ফেলি, তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ি। এটি একটি ফিল্ম ইন্ডাস্ট্রি, এখানে লোকে কাজ করতে আসে। মাঝে মাঝে আমরা কাজের সঙ্গে ব্যক্তিগত জীবনকে মিলিয়ে ফেলি।”

বিচ্ছেদের অনেক আগ থেকেই রানবিরের সঙ্গে নতুন সিনেমা ‘জাগগা জাসুস’-এর শুটিং করছিলেন ক্যাট। কিন্তু বিচ্ছেদের পরে পর্দায় প্রেমের অভিনয় করাটা অনেক অস্বস্তিকর হয়ে পড়েছিল দুজনের জন্যেই, শোনা গেছে এমনটাই। 

অবশ্য নিজেদের পেশাদারিত্ব বজায় রেখে ঠিকই এই পরীক্ষায় উতরে গেছেন এই সাবেক জুটি। 

‘জাগগা জাসুস’ ছাড়াও ক্যাট ব্যস্ত আছেন নিত্যা মেহরা পরিচালিত ‘বার বার দেখো’ নিয়ে। এতে ক্যাটকে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে, সিনেমাটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর।