২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমজমাট জুন

হলিউডে গরমের মৌসুম মানেই জমকালো সব আয়োজন। এই আয়োজনে নতুন মাত্রা দিতে জুনে মুক্তি পাচ্ছে আটটি নতুন সিনেমা, যা চলচ্চিত্রপ্রেমীদের মনের খোরাক মেটাবে ভাল করেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 03:07 PM

Updated : 11 Oct 2022, 08:18 PM

ফ্রি স্টেইট অফ জোনস

শ্রেণী সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপটে কর্মী এবং সংগঠনের মধ্যবর্তী বিরোধ নিয়ে আসছে নতুন সিনেমা 'ফ্রি স্টেইট অফ জোনস'। মার্কিন গৃহযুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে নিউট নাইট নামের এক দক্ষিণাঞ্চলের কৃষক অন্যান্যদের সংঘবদ্ধ করে মিসিসিপির ঐক্যজোট থেকে নিজেদের স্বতন্ত্র করার সংগ্রামে। এই সিনেমা দিয়েই দুবছর পর পর্দায় ফিরছেন অস্কারজয়ী অভিনেতা ম্যাথিউ ম্যাকনোহে। সিনেমাটি নির্মাণ করছেন চার বার অস্কার মনোনয়ন জেতা নির্মাতা গ্যারি রস। জুনের ২৪ তারিখ সিনেমাটি মুক্তি পাবে মার্কিন যুক্তরাষ্ট্রে।

দ্য নিওন ডিমন

এ বছরে কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে মতবিরোধ সৃষ্টিকারী সিনেমা বলা হচ্ছে 'দ্য নিওন ডিমন'কে। ড্যানিশ নির্মাতা নিকোলাস ওয়াইন্ডিং রেন নির্মিত সিনেমাটির ভাষা বেশ রহস্যঘেরা এবং কিছু ক্ষেত্রে দুঃস্বপ্নের মতও বটে। সিনেমাটির প্রশংসায় যেমন পঞ্চমুখ হয়েছেন অনেকেই, তেমনি সিনেমার গল্প বলার ধরণটিকে রীতিমত গালি গালাজ করেছেন বাকিরা। লস এঞ্জেলসের এক উঠতি মডেলের জনপ্রিয়তার পথে বীভৎস ঘটনাগুলো নিয়েই এক কড়া বার্তা ছুড়ে দিবে সিনেমাটি দর্শকদের কাছে। এলি ফ্যানিং অভিনীত এই সিনেমাটি মুক্তি পাবে জুনের ২৪ তারিখে।

ফাইন্ডিং ডোরি

দীর্ঘ প্রতীক্ষিত সিক্যুয়াল 'ফাইন্ডিং ডোরি' মুক্তির অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। ২০০৩ সালে ডিজনি পিক্সারের ব্যানারে নির্মিত 'ফাইন্ডিং নিমো'র তুমুল জনপ্রিয়তা নির্মাতাদের রসদ জোগায় নতুন আরেকটি সিনেমা নির্মাণে, তবে এজন্য সিনেমার ভক্তদের অপেক্ষা করতে হলো দীর্ঘ ১৩ বছর। এবার কোন ক্লাউনফিশ নয়, কেন্দ্রীয় মঞ্চের আলো থাকবে ব্লু ট্যাং ফিশ ডোরির উপর। তবে এবারের সিনেমা ভিন্নতা পাচ্ছে অভিনব এক রাজনৈতিক বার্তার কারণে। 'ফাইন্ডিং নিমো' মুক্তির পর ক্লাউনফিশের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে উঠেছিল যে, থাইল্যান্ডে ক্লাউনফিশের আকাল পড়ে যায় বিভিন্ন বাসার অ্যাকিউরিয়ামে রাখার জন্য বাজার থেকে কিনে নেওয়ায়। ব্লু ট্যাং প্রজাতিরও যেন একই দশা না হয়, তাই 'ফাইন্ডিং ডোরি' সিনেমার সঙ্গে ডিজনির কাছে জমা দেওয়া হয়েছে একটি পিটিশন, যেখানে এই প্রজাতির মাছটির সুরক্ষা নিশ্চিতের দাবী জানানো হয়েছে। এলিন ডিজেনারেস, ইদ্রিস এলবা, ডমিনিক ওয়েস্ট এবং ডায়ানে কিটন এবার কণ্ঠ দিয়েছেন অ্যানিমেটেড সিনেমাটির বিভিন্ন চরিত্রে। সিনেমাটি মুক্তি পাচ্ছে জুনের ১৬ তারিখে।

ইন্ডিপেন্ডেন্স ডেঃ রিসারঞ্জেন্স

দীর্ঘ দু দশক পর পৃথিবী আরেক দফা ভিনগ্রহের প্রাণীদের আক্রমণের মুখে। ১৯৯৬ সালে মুক্তি পেয়ে সিনেমা অনুরাগীদের কাছে তুমুল সাড়া ফেলে দিয়েছিল 'ইন্ডিপেন্ডেন্স ডে'। ভিনগ্রহের প্রাণীদের হাত থেকে পৃথিবী বাঁচানোর লড়াইয়ে সভ্যতা ধ্বংসের মুখোমুখি হয় পুরো মানবজাতি। আর সেই হুমকি আবারও ফিরছে সিনেমার সিকুয়ালে। ক্যাপ্টেন হিলারের চরিত্রে অবশ্য উইল স্মিথের উপস্থিতি দেখতে পাচ্ছেন না দর্শকরা।  ক্যাপ্টেন হিলারের অনুপস্থিতিতে এবার দৃশ্যপটে এগিয়ে আসে তরুণ সৈনিক জেইক মরিসন, যে চরিত্রে অভিনয় করেছেন লিয়াম হেমসওয়ার্থ। এবারের সিনেমার প্রেক্ষাপটে আছে রাজনৈতিক বার্তাও। চিত্রনাট্য লেখক ডেভিড ডেলভিন জানিয়েছেন, নতুন সিনেমার ধারণা তার মাথায় আসে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের প্রলয়ঙ্কারি জঙ্গী হামলাকে ঘিরে। জেফ গোল্ডবাম, বিল পুলম্যান, জুড হার্শ, ভিভিকা. এ ফক্স এবং ব্রেন্ট স্পাইনাররা এর মত তারকারা ফিরছেন তাদের নিজেদের চরিত্রতেই। নতুন চরিত্রগুলোতে অভিনয় করেছেন জেসি আশার, মাইকা মনরো, সেলা ওয়ার্ড এবং শারোলেট গিন্সবার্গ। সিনেমা মুক্তি পাচ্ছে জুনের ২২ তারিখে।

দ্য বিএফজি

সিনেমাটিকে বলা হচ্ছে নতুন প্রজন্মের 'ই.টি', যে সিনেমা দিয়ে হলিউডকে আশির দশকে নাড়া দিয়ে গিয়েছিলেন কিংবদন্তী পরিচালক স্টিভেন স্পিলবার্গ। পরিচালক-অভিনেতা জুটি হিসেবে স্পিলবার্গ আর মার্ক রিল্যান্স 'ব্রিজ অফ স্পাইজ' এর পর ফিরছেন 'দ্য বিএফজি' নামের এই অ্যানিমেটেড সিনেমায়। এক বিশালদেহী দানবের চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী মার্ক রিল্যান্স। বাবা মা হারানো একাকী সোফি একদিন হঠাতই খোঁজ পায় এক অদ্ভুত দানবের। তবে এই দানব আর দশটা দানবের মত ভয়ঙ্কর নয়, বরং সোফির সর্বক্ষণের সঙ্গীতে পরিণত হয়ে যায় সে। সিনেমাতে 'ই.টি'র ছোঁয়াও পাবেন দর্শকরা, কেননা সিনেমার চিত্রনাট্য লিখেছেন মেলিসা ম্যাথিসন, যিনি 'ই.টি'র চিত্রনাট্যও লিখেছিলেন। গত নভেম্বরে গত হওয়া মেলিসাকে স্পিলবার্গ উৎসর্গ করেছেন তার 'দ্য বিএফজি' সিনেমাটি। মুক্তি পাচ্ছে জুনের ৩০ তারিখে।

জিনিয়াস

১৯৩০ সালের প্রেক্ষাপটে নিউ ইয়র্ক শহরের এক প্রকাশককে কেন্দ্র করে এগিয়েছে 'জিনিয়াস' সিনেমার কাহিনী। সাধারণ কিন্তু গল্পের নিখুঁত ক্রমবিন্যাসের কারণে সিনেমাটি প্রশংসিত হয়েছে এবারের বার্লিন চলচ্চিত্র উৎসবে। নিজের লেখা প্রথম উপন্যাস নিয়ে নর্থ ক্যারোলাইনায় এক প্রকাশকের নিকট হাজির হয় থমাস উলফ। প্রথমে উপলব্ধি না করতে পারলেও পরবর্তীতে প্রকাশক ম্যাক্স পারকিন্স বুঝতে পারেন উপন্যাসটির মর্ম। লেখক-প্রকাশকের মাঝে জমে ওঠে এক দারুণ বন্ধুত্ব! ক্লাসিক সময়ের এই গল্পে ফ্ল্যাশব্যাক হয়ে পর্দায় হাজির হন কিংবদন্তী ঔপন্যাসিক আর্নেস্ট হেমিংওয়ে এবং স্কট এফ. ফ্রিটজেরাল্ড। কলিন ফার্থ, জুড ল এবং লরা লিনি অভিনীত সিনেমাটি মুক্তি পাবে জুনের ১০ তারিখে।

দ্য শ্যালোস

হলিউড অঙ্গনে হাঙ্গর আক্রমণ নিয়ে নির্মিত থ্রিলারগুলো বেশ জনপ্রিয়। এবার একই ধাঁচের আরেকটি সিনেমা নির্মাণ করেছেন জোমে কোলেট-সেরা। প্রথমে 'ইন দ্য ডিপ' নাম থাকলেও সিনেমার নাম পরিবর্তন করে রাখা হয় 'দ্য শ্যালোস', যেখানে অভিনেত্রী ব্লেক লাইভলি একজন পেশাদার সারফার। সার্ফিং এর এক পর্যায়ে দুর্ঘটনাক্রমে তিনি আটকা পড়েন সমুদ্রের পাড় থেকে দূরে এক পাথরে, আর সেখানেই রক্তের গন্ধে সমুদ্রের গভীর থেকে ব্লেকের কাছে হাজির হয় এক বিশাল হাঙ্গর। সিনেমাটি মুক্তি পাবে জুনের ২৯ তারিখ।

ফ্রম এফার

জুন মাসে মুক্তির অপেক্ষায় থাকা সবচাইতে ভিন্নধর্মী সিনেমা হতে চলেছে ভেনিজুয়েলার পরিচালক লরেঞ্জো ভিগাসের প্রথম নির্মিত সিনেমা 'ফ্রম এফার'। বার্লিন চলচ্চিত্র উৎসব এর ২০১৫ আসরে স্বর্ণভল্লুক জিতে নেওয়া এই সিনেমার গল্প সমকামী ভালোবাসা নিয়ে। সমাজের চোখে ট্যাবু এই সম্পর্কের নানা আঙ্গিক উঠে এসছে সিনেমার প্রধান দুই কেন্দ্রীয় চরিত্রের প্রেক্ষাপট থেকে। মধ্যবয়সী নিভৃতে বসবাস করা এক ব্যক্তির সঙ্গে প্রাণশক্তি সম্পন্ন এক ক্ষ্যাপাটে তরুণের সম্পর্ককে সমালোচকরা বলছেন- কামনার যন্ত্রণাবোধ নিয়ে নির্মিত এ সিনেমার গল্প। ৮ই জুন মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।