প্রকাশ পেল ‘অ্যাভয়েডরাফা’র প্রথম অ্যালবাম ‘ভার’
শুক্রবার প্রকাশিত হলো রায়েফ আল হাসানের ব্যান্ড ‘অ্যাভয়েডরাফা’র প্রথম অ্যালবাম ‘ভার’। অ্যালবাম প্রকাশনা উপলক্ষে একটি সংবাদ সম্মেলন এবং কনসার্ট অনুষ্ঠিত হয় ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে।
অ্যালবাম প্রকাশনা উপলক্ষে অ্যাভয়েডরাফা ছাড়াও পারফর্ম করে ‘আপেক্ষিক’, ‘বিভীষিকা’, ‘পাওয়ারসার্জ’, ‘ড. ডক্টর’ এবং ‘আরবোভাইরাস’।
দীর্ঘ সময় ধরেই আন্ডারগ্রাউন্ড ব্যান্ড অঙ্গনে এক পরিচিত নাম রায়েফ আল হাসান রাফা। ‘ক্রাল’, ‘সেভেয়ার ডেমেনশিয়া’র মতো আন্ডারগ্রাউন্ড ব্যান্ড থেকে শুরু করে এক সময় বাজিয়েছেন ‘অর্থহীন’ এবং ‘ক্রিপটিক ফেইট’, ‘পাওয়ারসার্জ’-এর মতো ব্যান্ডেও। সংগীত পরিচালক হিসেবেও বেশ সুনাম রয়েছে তার। তবে নিজের ব্যান্ড দল নিয়ে অ্যালবাম এবারই প্রথম।
রাফার অনন্য সংগীত প্রতিভার কথা ব্যান্ড সংগীতের অনুরাগীদের অজানা নয়। তবে আনুষ্ঠানিকভাবে ‘ভার’-এর প্রকাশনা অনুষ্ঠানে রাফাকে সে স্বীকৃতি দিলেন ‘ইনডালো’ ব্যান্ডের ভোকাল জন কবির এবং ‘ড’ ডক্টর’-এর গিটারিস্ট সাদি মুকতাফি, যিনি একই সঙ্গে রাফার বড় ভাই। জানান, “খুব অল্প বয়স থেকেই ও সব বাজাতে পারে। গিটার, ড্রামস, বেইজ থেকে শুরু করে সব।”
এদিকে অ্যালবামের প্রকাশনায় দীর্ঘ সময় ধরে কাজ করেছেন বলেই জানালেন ‘অ্যাভয়েডরাফা’-র বেইসিস্ট পাভেল। তিনি বলেন, “অ্যালবামটি প্রকাশ করতে আমাদের এক কিংবা দুই বছর নয়, লেগেছে পুরো সাত বছর।”
প্রিয় ব্যান্ডগুলোর পারফরম্যান্স দেখতে বৃষ্টি সত্ত্বেও আরসিসিতে উপস্থিত ছিলেন অসংখ্য দর্শক-শ্রোতা। নিজেদের প্রিয় ব্যান্ডের অ্যালবাম কিনতেও দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। আর অ্যালবামটিই ছিল কনসার্টে প্রবেশের টিকিট।
প্রতিটি ব্যান্ডই কোন না কোন চমক হাজির করেছে তাদের নিজস্ব পারফরম্যান্সে। সবার প্রথমে মঞ্চে ওঠে ‘আপেক্ষিক’, তারা কাভার করে ‘কিংস অফ লিওন’ ব্যান্ডের ‘পায়রো’ এবং আর্টসেলের ‘অন্য সময়’। আর আরসিসি’র অন্যতম নিয়মিত ব্যান্ড ‘পাওয়ারসার্জ’ আবারও মাতিয়েছে তাদের অনবদ্য পারফরম্যান্সে। ‘ড. ডক্টর’ কাভার করে বন জোভি, গানজ অ্যান্ড রোজেজ, এসি/ডিসি, মেগাডেথ, প্যান্টেরার জনপ্রিয় কিছু গান। ব্যান্ডটিতে নিজের সাদি মুকতাফির সঙ্গে অতিথি হিসেবে মঞ্চে ওঠেন রাফা। অতিথি হিসেবে ব্যান্ডটির সঙ্গে আরো পারফর্ম করেন ‘পাওয়ারসার্জ’-এর জামশেদ, ‘আপেক্ষিক’-এর শুদ্ধ এবং সৌরভ।
‘আরবোভাইরাস’-এর লাইন আপে এদিন ছিলেন না গিটারিস্ট সুহার্ত এবং ভোকাল সুফি। তবুও ব্যান্ডটি পারফর্ম করে এক চমক লাগানো লাইন আপ নিয়ে। ভোকালের দায়িত্ব যথাক্রমে সেভেয়ার ডেমেনশিয়ার রিয়াসাত এবং মেকানিক্সের ত্রিদিব পালন করলেও গেয়েছেন আরবোভাইরাস এর ড্রামার নাফিজ। ‘জ্বালো আগুন জ্বালো’ এবং ‘অমানুষ’ গেয়ে চাঙ্গা করেছেন সবাইকে। অনুষ্ঠানের ইতি টানা হয় প্রতীক্ষিত ‘অ্যাভয়েডরাফা’র পারফরম্যান্সের মাধ্যমে।
‘অ্যাভয়েডরাফা’র অ্যালবাম ‘ভার’ পাওয়া যাচ্ছে রাজধানীর বিভিন্ন বিপনী বিতানে। এছাড়াও পুরো অ্যালবামটি বিনামূল্যে শোনা যাবে ব্যান্ডটির ওয়েবসাইট 'www.avoidrafa.com'তে।
