শিক্ষকের অপমান, তারকাদের প্রতিবাদ
নারায়ণগঞ্জে স্কুল শিক্ষককে কান ধরিয়ে উঠ-বস করানোর নিন্দা জানিয়ে ফেইসবুকে চলছে অভিনব প্রতিবাদ- ‘স্যরি স্যার’। এবার সেই প্রতিবাদে যোগ দিলেন বিনোদন জগতের তারকারাও।
বিষয়টি নিয়ে গণমাধ্যমের পাশাপাশি তুমুল আলোচনা-সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ইরেশ যাকের, রওনক হাসানসহ আরো অনেক তারকা প্রতিবাদ জানানোর জন্য নিজেদের কানে ধরা ছবি তাদের ফেইসবুক আপলোড করেছেন।
এ ব্যাপারে অভিনেতা ইরেশ যাকের গ্লিটজকে বললেন, “পুরো বিষয়টাই লজ্জাজনক। জনসম্মুখে একজন শিক্ষককে অপমান করাটা মোটেও কাম্য নয়। বলতে গেলে অনেক কিছুই বলা যায়। আমি প্রতিবাদ হিসেবে শুধুমাত্র ছবিটা আপলোড করেছি।”
ইরেশের মতো অভিনেতা রওনক হাসানও প্রতিবাদের ভাষা হিসেবে নিজের কান ধরা ছবি তার ফেইসবুকে আপলোড করেছেন। এ ব্যাপারে গ্লিটজকে তিনি বললেন, “যাকে শাস্তি দেওয়া হয়েছে তিনি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যিনি দীর্ঘদিন সেই প্রতিষ্ঠানের জন্য কাজ করে আসছেন। একজন মানুষ যদি অন্যায় করে থাকে তাহলে তাকে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার করা হবে। কিন্তু একজন প্রধান শিক্ষককে জনগণের সামনে প্রকাশ্যে হেয় প্রতিপন্ন করার অধিকার কারো নেই ।”
তিনি আরও বলেন, “সত্যি বলতে আমরা সম্মানিত লোকদের সম্মান দিতে পারছি না। জাতি হিসেবে আমরা কোথায় এসে দাড়িয়েছি? আমরা একজন শিক্ষককে সম্মান দিতে পারি না।”
সংগীতশিল্পী কফিল আহমেদ ফেইসবুকে স্ট্যাটাস আপলোড করেছেন প্রতিবাদ হিসেবে। তিনি লিখেছেন, “আমরা কি ভুলে গেছি শ্যামল কান্তি একজন মানুষ! শিক্ষক হবার চাইতে বড়ো কথা শ্যামল কান্তি অবশ্যই একজন মানুষ। এবং যে কোনো মানুষের উপর এই বর্বরতা সহ্য করবার কোনো কারণ নাই।”
