২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাঙ্গানার সমর্থনে হৃত্বিক!

আপাতত ক্ষোভের আগুন কিছুটা হলেও নিভেছে হৃত্বিক রোশান এবং কাঙ্গানা রানাউতের মধ্যে। দুজনের দ্বন্দ্বটা মৌখিক অপমান থেকে সরে এসে এখন সীমাবদ্ধ কেবল আইনি লড়াইয়েই। কিন্তু হঠাৎ করেই কাঙ্গানার একটি বিরোধী পক্ষ দাঁড়িয়ে গেছে টুইটারে, যারা তাকে দাবী কছে ‘চরিত্রহীন’ হিসেবে। টুইটারে এধরণের কর্মকাণ্ডকে 'বাড়াবাড়ি' হিসেবেই দেখছেন হৃত্বিক, কঠোর সমালোচনা করেছেন এধরণের মন্তব্যের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2016, 06:21 PM

Updated : 11 Oct 2022, 08:10 PM

প্রায় চার মাস ধরেই চলছে হৃত্বিক-কাঙ্গানার 'সাবেক' বিতর্ক। দুজনই দুজনকে আইনি নোটিশ পাঠিয়ে অপেক্ষা করছেন পরবর্তী পদক্ষেপের। দুজন চুপ থাকলেও টুইটারের একটি ট্রেন্ড থেকে কাঙ্গানাকে আখ্যা দেওয়া হয়েছে 'চরিত্রহীন' হিসেবে।

একজন সরাসরিই টুইট করেন, "আমি তার অভিনয় পছন্দ করি কিন্তু তার সস্তা কৌশলে মানুষ ঠকানো নয়। চরিত্রহীন কাঙ্গানা।"

আরও একজন লিখেন, "নিজের প্রচারের জন্য বিতর্কিত পন্থা অবলম্বন করেছেন কাঙ্গানা। এটা খুবই সস্তা।"

আইনি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হলেও টুইটারে অপমানকর কথাবার্তার বিরুদ্ধে দাঁড়িয়ে কাঙ্গানার পক্ষই নিয়েছেন ৪২ বছর বয়সী হৃত্বিক। 'কৃশ থ্রি' সহ অভিনেত্রীর বিরুদ্ধে এমন অপমানকর কথার বিপরীতে তিনি লেখেন, “আরেকজনকে বিচার করতে যাওয়াটাই চরিত্রহীনের কাজ। ঘটনা যেটাই হয়ে থাকুক না কেন, রাগ সামলান। ভালোবাসা ছড়িয়ে দিন।”

কাঙ্গানা-হৃত্বিকের রেষারেষি শুরু হয় চলতি বছরের শুরুর দিকে, যখন হৃত্বিককে ‘সাবেক প্রেমিক’ বলে বসেন কাঙ্গানা। এরপর কাঙ্গানার এই মন্তব্যকে কেন্দ্র করে মার্চে তাকে একটি আইনি নোটিশ পাঠিয়ে ক্ষমা চাইতে বলেন হৃত্বিক। এরপর হৃত্বিককে পাল্টা নোটিশ পাঠান কাঙ্গানা, জনসম্মুখে অপমান করার অভিযোগে।

শোনা যায়, ‘কাইটস’ এবং ‘কৃশ থ্রি’তে একসঙ্গে কাজ করার পর প্রেমে জড়ান হৃত্বিক-কাঙ্গানা। তবে হৃত্বিকের আইনজীবীদের দাবী, তাদের মধ্যে কখনই প্রেম ছিল না।